বালিয়াকান্দিতে বিএনপির দুই নেতা আ.লীগের চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বলে স্থানীয় ও দলীয় সূত্র জানিয়েছে।
দলীয় ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মনোনয়ন পাওয়া ব্যক্তিদের মধ্যে ইসলামপুর ইউপির আহম্মদ আলী উপজেলা যুবদলের সহসভাপতি ছিলেন। বহরপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আহম্মদ আলী ছয় মাসের কম সময় আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন। রেজাউল করিম প্রায় দেড় বছর আগে আওয়ামী লীগে যোগ দেন।
আহম্মদ আলী বলেন, তিনি মনোনয়নপত্র হাতে পেয়েছেন। তাঁর বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি বা যুবদলের দলীয় পদের বিষয়ে অভিযোগকারীরা কাগজপত্র এনে প্রমাণ করুক। তিনি জয়ী হয়ে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।
উপজেলা যুবদলের সভাপতি জাফর আলী মিয়া বলেন, আহম্মদ আলী দীর্ঘদিন উপজেলা যুবদলের সহসভাপতি ছিলেন।
মনোনয়ন পাওয়া বাকি সাতজন প্রার্থী হলেন আওয়ামী লীগের নারুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়নের সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস, নবাবপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল হাসান আলী, জামালপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ফরিদ হোসেন ও বালিয়াকান্দি সদর ইউনিয়নে উপজেলা কমিটির কোষাধ্যক্ষ নায়েব আলী শেখ। এ কে এম ফরিদ হোসেন ও নৃপেন্দ্রনাথ বিশ্বাস বর্তমান চেয়ারম্যান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বলেন, বালিয়াকান্দিতে বিএনপি থেকে দুজন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাঁদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান মোল্লা বলেন, বালিয়াকান্দিতে আওয়ামী লীগের দৃঢ় ভিত্তি রয়েছে। কীভাবে বিএনপি থেকে আসা প্রার্থীরা দলীয় মনোনয়ন পেলেন তা জানি না। তাঁরা অনেক চেষ্টা-তদবির করেছেন। এটি বহুমুখী ষড়যন্ত্রের অংশ হিসেবে করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল এসব ইউনিয়নে ভোট হবে। ২৭ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ ও ৩০ মার্চ যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।