বালিয়াকান্দিতে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকদের পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে গতকাল বুধবার রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলকারীরা পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন।

পল্লী বিদ্যুৎ সমিতির আগ্রাসন প্রতিরোধ কমিটির ব্যানারে গতকাল বেলা ১১টার দিকে বালিয়াকান্দি বাজারে এ বিক্ষোভ মিছিল বের হয়। পূর্বনির্ধারিত এ কর্মসূচিতে অংশ নেন বাজার এলাকায় ওজোপাডিকোর প্রায় ৫০০ বিদ্যুৎ গ্রাহক। তাঁরা ‘পল্লী বিদ্যুৎ পল্লিতে যা, শহরমুখী উঠিস না’ স্লোগান দিতে দিতে বাজারের কয়েকটি এলাকা প্রদক্ষিণ করেন।

পরে বাজারের চৌরাস্তা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ওজোপাডিকোর গ্রাহক রঘুনন্দন শিকদার, আবদুল জলিল, মো. সোহেল মিয়া, বদরুল মিয়া, কামরুজ্জামান কামরুল, মো. জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, তাঁরা ব্রিটিশ আমল থেকে পিডিপির (বর্তমানে ওজোপাডিকো) গ্রাহক হিসেবে রয়েছেন। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে। ওই চিঠিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে পল্লী বিদ্যুৎ সমিতি শহর এলাকায় প্রবেশের চেষ্টা করছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।