বালিয়াকান্দিতে শহীদ মিনার ও মাঠ দখলমুক্ত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের শহীদ মিনার ও পাশের খেলার মাঠের অবৈধ স্থাপনা গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়েছে। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম বদরুদ্দোজা এ উচ্ছেদ অভিযান চালান।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘শহীদ মিনারের জায়গায় ছাত্রলীগ নেতার দোকান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বাজারের ব্যবসায়ী ও নবাবপুর ইউনিয়ন ভূমি কার্যালয় জানায়, সোনাপুর বাজারে এক একর ৩৩ শতাংশ খাসজমি রয়েছে। এই জমির এক পাশে প্রায় ১০ বছর আগে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। ২০১৩ সালে ১৩ ফেব্রুয়ারি শহীদ মিনারটি সংস্কার করা হয়। এর এক দিন পরই রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা স্তম্ভ ভেঙে ফেলে। এর পরই মাঠের চারপাশে আওয়ামী লীগ-সমর্থিত ব্যবসায়ীরা দোকানঘর নির্মাণ শুরু করেন। ওই সময় প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা নির্মাণকাজ স্থগিত রাখেন। চলতি বছর ১২ জুলাই মাঠের পাশের শহীদ মিনারের বেদি ভেঙে দোকান তোলেন মাঝগাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আতিকুল ইসলাম। গতকাল ছাত্রলীগ নেতার দোকানসহ পাশে মাঠ দখল করে গড়ে তোলা আওয়ামী লীগ সমর্থকদের ২০টি দোকানঘর উচ্ছেদ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আনছারুজ্জামান বলেন, খেলার মাঠ ও শহীদ মিনারের জায়গা অবৈধভাবে দখলের বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি বলেন, ‘শহীদ মিনার আমাদের চেতনার প্রতীক। আবারও ওই স্থানে শহীদ মিনার নির্মাণ করা হবে। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।’