বালিয়াকান্দিতে সন্ত্রাসীদের গুলিতে কিশোর আহত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের তেকাট গ্রামে দুষ্কৃতকারীদের গুলিতে বাকু মোল্লা (১৪) নামে এক কিশোর আহত হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।আহত বাকু দেলুয়াপাড়া গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। সে এলাকায় একজন কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। তাঁকে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোকসেদ আলী জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তেকাট গ্রামের ছামছু মণ্ডলের বাড়িতে রাত আটটার দিকে ১০-১২ জন অস্ত্রধারী দুষ্কৃতকারী ঢুকে। তারা তাঁর দুই ছেলে মাসুদ মোল্লা ও রইচ মোল্লাকে মারধর করতে থাকে। তাদের চিৎকারে পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় বাকু ও লিটন ছুটে আসে। এ সময় দুষ্কৃতকারীরা বাকুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাঁ হাতে লাগলে সে গুরুতর আহত হয়।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান জানান, গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে দুজন উপপরিদর্শককে (এসআই) পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।