বালিয়াকান্দির কাঠ ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক কাঠ ব্যবসায়ী গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। এতে তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ কাঠ ব্যবসায়ীর নাম মতিয়ার রহমান খান (২৮)। তিনি বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল জব্বার খান। ঢাকায় এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আনতে গিয়ে তিনি নিখোঁজ হন।
মতিয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন মতিয়ারের স্ত্রী। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। মতিয়ারের মা বাক্রুদ্ধ হয়ে বসে আছেন। ছোট শিশুটি সবার কাছে বাবার কথা জানতে চাইছে। প্রতিবেশীরা এসে মতিয়ারের মা ও স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
মতিয়ারের মা মেহেরা খাতুন বলেন, মতিয়ার দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করেন। তাঁর চার বছর বয়সের একটি মেয়ে আছে। গত মঙ্গলবার সকালে মতিয়ার ঢাকার মিরপুরে এক মহাজনের কাছে পাওনা টাকা আনতে বাড়ি থেকে বের হন। ঢাকায় মহাজনের কাছে পৌঁছানোর পর তাঁর সঙ্গে কথা হয়। টাকা পাওয়ার পর সন্ধ্যায় তাঁর স্ত্রীর কাছে ফোন করেন মতিয়ার। এ সময় তিনি বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান। কিন্তু পরে তাঁর ফোনে কল করলে ফোনসেট বন্ধ পাওয়া যায়। রাতেও বাড়িতে আর ফিরে আসেননি। স্বামীর শোকে মতিয়ারের স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলছেন। তিনি এখন শয্যাশায়ী। শিশু মেয়েটি বাবার আদর পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কখনো কখনো ফুঁপিয়ে কান্না করছে।
মতিয়ারের বাবা আবদুল জব্বার খান বলেন, ‘বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেছি। ছেলের খোঁজে ঢাকায় যাচ্ছি। মতিয়ার নিখোঁজের ঘটনায় বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলাম। কিন্তু থানা থেকে নিখোঁজ হওয়ার এলাকায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী নিখোঁজ হওয়ার কথা শুনেছি। নিয়ম অনুযায়ী ঘটনাস্থলের এলাকায় জিডি করতে হয়। এ কারণে তাকে ঢাকায় জিডি করতে পরামর্শ দেওয়া হয়েছে।’
মতিয়ারের ঢাকা যাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন প্রতিবেশী ও নবাবপুর ইউপি সদস্য কাবিল হোসেন। তিনি বলেন, মতিয়ার খুব নিরীহ প্রকৃতির মানুষ। জানামতে মতিয়ারের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। তিনি পারিবারিকভাবে কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁরা প্রতি সপ্তাহে দুই-এক গাড়ি গোলাই কাঠ ঢাকায় পাঠান। টাকা আনতে গিয়ে মতিয়ার বাড়িতে ফিরে আসেননি।