বালিয়াডাঙ্গীতে খামার দিবস
কৃষকদের আখ চাষে উদ্বুদ্ধ করতে গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা বোয়ালীমণ্ডলের মোড়ে ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড বালিয়াডাঙ্গী অঞ্চলের খামার দিবস পালন করেছে। ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ দবিরুল ইসলাম, আঞ্চলিক ইক্ষু গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদ আনোয়ার হাসান, কেন্দ্রীয় ইক্ষুচাষি সমিতির সভাপতি রুহুল আমিন প্রমুখ। আখচাষিদের নিজের আখখেত ঘুরে দেখান চাষি শরিফ উদ্দিন। এ সময় তিনি কৃষকদের জানান, এক একর ৭০ শতক জমিতে তিনি ঈশ্বরদী-৩৭ জাতের আখ রোপণ করেছেন। দুই শতক জমিতে ৪১ মণ আখ পাওয়া গেছে। সেই হিসাবে একরে দুই হাজার ৫০ মণ আখ পাওয়ার আশা করছেন তিনি। খামার দিবসে আখচাষিদের বিভিন্ন প্রযুক্তির ওপর আলোচনা করেন ঠাকুরগাঁও সুগার মিলের উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) আবদুল কাদের। এই মিলের আওতায় বালিয়াডাঙ্গী অঞ্চলে ১০০ জন কৃষক ৮৬১ একর জমিতে চলতি মৌসুমে আখ চাষ করছেন।