বালিয়াডাঙ্গীতে বয়স্ক ভাতা উত্তোলনে ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে বয়স্ক ব্যক্তিদের কেউ কেউ মাটিতে দুই পা ছড়িয়ে বসে আছেন। আবার কেউ ভবনের বারান্দায় এলিয়ে দিয়েছেন শরীর। পক্ষাঘাতে আক্রান্ত ঝরি বেওয়া (৭৯) শুয়ে রয়েছেন রিকশাভ্যানে। তিনি শরীরটাকে এদিক-ওদিক নড়াতে না পেরে মাঝেমধ্যে চিৎকার করছেন। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউপি চত্বরে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে।
ভ্যানে শুয়ে বয়স্ক ভাতার টাকা নিতে এসেছিলেন ঝরি বেওয়া। তিনি উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা। ঝরির সঙ্গে এসেছিলেন তাঁর ভাগনে রওশন আলী। এ সময় রওশন বলেন, অসুস্থ খালাকে নিয়ে সকাল পৌনে ১০টা থেকে ইউপি কার্যালয়ে এসে অপেক্ষা করছেন। কিন্তু এখনো ডাক পাননি তিনি। তাঁর আক্ষেপ, ডিজিটাল যুগেও ভাতার টাকা নিতে অসুস্থ বয়স্ক লোকদের এত কষ্ট করতে হচ্ছে।
রোববার দেখা যায়, শুধু ঝরি বেওয়াই নন, ইউপির সামনে বয়স্ক ভাতা নিতে কয়েক শ বয়স্ক অপেক্ষা করছেন। অসুস্থ শরীর নিয়ে ভাতা তুলতে এসেছেন চাড়োল গ্রামের হামারু সিংহ (৭৮)। গরমে কাতর ওই বৃদ্ধ বলেন, সকাল নয়টার পর থেকে এখানে তাঁরা অপেক্ষা করছেন। কখন তাঁরা টাকা পাবেন, ঠিক নেই।
ছোট সিংগিয়া গ্রামের দুর্গা প্রসাদ (৭৯) বলেন, ‘হামরা গরিব মানুষ, সরকার এই কয়টা টাকা দেয় বলে একটু রক্ষা পাই। কিন্তু টাকা পাইতে একটা দিন শ্যাষ। এরপর এক শ টাকার ওপরে খরচ হয়ে যায়।’
খালিপুর গ্রামের বাংলা বর্মণ (৭৬) বলেন, ‘বাবা, এই অবস্থা নতুন না, পেরতেকবারই এই রকম সকাল অইতে বিকাল পর্যন্ত থাকতে হয়। কী যে কষ্ট, কইতে পারি না।’
চাড়োল ইউপির সচিব মো. হাবিবুল্লাহ বলেন, ‘এই ইউনিয়নে ৪৪৫ জনকে বয়স্ক ভাতা দেওয়া হয়। তিন মাস পরপর একটি নির্দিষ্ট দিনে তাঁদের ভাতা দেওয়া হয়। সেদিন ব্যাংকের কর্মকর্তারা এখানে এসে ভাতার টাকা বিতরণ করেন। বয়স্ক লোকদের কষ্ট দেখে আমারও কষ্ট হয়। ভাতা তোলার বিকল্প প্রক্রিয়ার ব্যবস্থা করা গেলে ভালো হতো।’
জাউনিয়া লাহিড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক খসিউর রহমান বলেন, ‘ডিজিটাল যুগেও অ্যানালগ পদ্ধতিতে বয়স্ক লোকদের ভাতা দেওয়া হচ্ছে। এতে অনেককে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।’
ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার বলেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ হাজার ৭০০ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। এতে যেমন ভোগান্তি কমেছে, তেমনি অনিয়মও শূন্যের কোঠায় চলে এসেছে। উপবৃক্তি প্রদানের এই অভিজ্ঞতা বয়স্ক ভাতসহ যেকোনো ভাতা প্রদানে ব্যবহার করা যেতে পারে।
জনতা ব্যাংক বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়িহাট শাখার ব্যবস্থাপক সুবাস চন্দ্র রায় জানান, ভাতা বিতরণে তাঁদের হিমশিম খেতে হয়। এই শাখা থেকে ভাতাপ্রাপ্ত ব্যক্তিদের অর্থ বিতরণ করায় তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। এ ক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে এসব ভাতা বিতরণ করা হলে বয়স্ক ব্যক্তিদের ভোগান্তি কাটিয়ে ওঠা সম্ভব।
এ বিষয়ে জেলা প্রকাশক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, দেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে বয়স্কসহ যেকোনো ভাতা প্রদান তথ্যপ্রযুক্তির আওতায় চলে আসবে।