বালিয়াতলি-পায়রা বন্দর সড়ক বেহাল, সংস্কারের দাবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী খেয়াঘাট থেকে পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কে খানাখন্দ তৈরি হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, আন্ধারমানিক নদের পার্শ্ববর্তী টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে পায়রা সমুদ্রবন্দর গড়ে উঠছে। ২০১৩ সালের ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন জরুরি ভিত্তিতে বালিয়াতলী খেয়াঘাট পয়েন্ট থেকে পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত সড়কে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করা হয়। এই সড়ক নির্মাণে ৩৬ লাখ টাকা ব্যয় হয়। মাটির সড়কটিতে ইট বিছানোর ফলে ওই ইউনিয়নের বাসিন্দাসহ পায়রা বন্দর পরিদর্শনে আসা উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি অনায়াসে চলাচল করতে পারত।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে ইট উঠে গেছে। প্রবল বর্ষণের কারণে সড়কটিতে বড় বড় গর্ত তৈরি হয়ে পানি জমে আছে। সড়কটির ইটবাড়িয়া পয়েন্টের জলকপাট এলাকায় সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। আন্ধারমানিক নদের জোয়ারের পানির প্রবল চাপে সড়কের মধ্যবর্তী জলকপাটটি ধসে সংকুচিত হয়ে গেছে। এখান থেকে সড়কের দুই পাশের অন্তত ১০ ফুট জায়গা ভেঙে গেছে। পানির চাপে দু-এক দিনের মধ্যে পুরো জলকপাটটি ধসে পড়তে পারে। জলকপাট ধসে পড়লে পায়রা সমুদ্রবন্দরে যাতায়াতের পথ বিচ্ছিন্ন হয়ে যাবে। সাধারণ মানুষের চলাচলও বন্ধ হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও শফিকুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, ট্রলি অথবা পিকআপ ভ্যানে করে ইট, সিমেন্ট, বালুসহ অন্যান্য পণ্য পায়রা বন্দরের কাজের জন্য নেওয়া হয়। ব্যক্তিপর্যায়ের অনেকেও সড়কটি ব্যবহার করেন। অতিরিক্ত চাপ পড়ায় সড়কটির অবস্থা এমন বেহাল হয়েছে।
টিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান বলেন, ‘ওই সড়কের দুরবস্থার কথা এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে এই সড়ক নির্মাণ করার দাবি জানাই।’
এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী আবদুল মন্নান বলেন, ‘পায়রা বন্দর উদ্বোধনকে কেন্দ্র করে তিন বছর আগে সড়কটি চলাচলের উপযোগী করা হয়েছিল। এখন সেটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এখন এই সড়কের মাটির কাজসহ কার্পেটিং করার উদ্যোগ নেওয়া হবে। সড়কটির বেহাল দশা দেখে প্রস্তাব তৈরি করে সদর দপ্তরে পাঠানোর পরিকল্পনা করেছি। সড়কটির মধ্যবর্তী জলকপাটটিও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় পাউবোকে তা নতুন করে করার জন্য বলেছি।’