বালু উত্তোলন বন্ধে বেলার আইনি নোটিশ
পরিবেশগত সমীক্ষা ছাড়াই মৌলভীবাজারের ছয়টি উপজেলায় রাবার ও চা-বাগানের ছড়া (খাল) থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং ইজারা প্রদান কার্যক্রম বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
গতকাল রোববার মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মৌলভীবাজারের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর আইনি নোটিশ পাঠানো হয়।
বেলা সিলেট অঞ্চলের সমন্বয়ক শাহ সাহেদা আখতার প্রথম আলোকে জানান, আইনি নোটিশের জবাব সাত কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ছয় উপজেলায় ছড়া পরিদর্শনের বিষয়টি উল্লেখ করে আইনি নোটিশে বলা হয়, চা-বাগান ও রাবার বাগানের ছড়া থেকে বালু উত্তোলনের কারণে ছড়া ভাঙনের মুখে পড়েছে।
নোটিশে আইনি বিষয় উল্লেখ করে বলা হয়, বিদ্যমান খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ সহ বিদ্যমান অন্যান্য আইন অনুযায়ী অনিয়ন্ত্রিত ও অবৈধ পন্থায় সিলিকা বালু উত্তোলন নিষিদ্ধ। এ অবস্থায় ছয় উপজেলার রাবার ও চা-বাগান এলাকার ছড়াকে বালুমহাল হিসেবে ঘোষণা ও ইজারা প্রদান করার আগে পরিবেশগত সমীক্ষা করা আবশ্যক। একই সঙ্গে বালু উত্তোলনের কারণে সৃষ্ট পরিবেশগত সমস্যা রোধ এবং আইনের সুষ্ঠু প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন ব্যর্থ হয়েছে—এ ব্যাপারে বেলাকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।