বালু উত্তোলনকারীদের গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর আশপাশ থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের দুই দিনের মধ্যে গ্রেপ্তার ও বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু পরিদর্শনে এসে স্থানীয় প্রশাসনকে তিনি এ নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী জানুয়ারির শেষ সপ্তাহে দ্বিতীয় মেঘনা, মেঘনা গোমতি ও কাঁচপুর সেতুর নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হবে। নতুন এ সেতু নির্মাণের জন্য জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা) নয় হাজার কোটি টাকা ঋণ দেবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জাপান সরকারের আর্থিক সহায়তায় ’৯১ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে মেঘনা নদীর ওপর মেঘনা সেতু নির্মাণ হয়। সেতুতে ১২টি পিলার ও ১৩টি সম্প্রসারণশীল সংযোগ রয়েছে।
১৯৯৪ সালে কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা গোমতী সেতু নির্মাণ করা হয়। মেঘনা গোমতি সেতুতে ১৬টি পিলার ও ১৭টি সম্প্রসারণশীল সংযোগ রয়েছে। সম্প্রতি সওজের প্রকৌশলীরা সেতু দুটির স্থায়িত্ব নিয়ে একটি প্রতিবেদন সেতু মন্ত্রণালয়ে পাঠান।
এতে উল্লেখ করা হয়, মেঘনা সেতুর ৬, ৭, ৮ ও ৯ নম্বর পিলারের পাশের মাটি সরে গেছে। এর বড় কারণ সেতুর নিচে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন। ফলে সেতুর ৬ নম্বর পিলারের পাশে সৃষ্টি হয়েছে ২০ থেকে ২২ ফুট গভীর গর্ত। ৭, ৮ ও ৯ নম্বর পিলারের পাশে সৃষ্ট গর্তের গভীরতা ৭ থেকে ১২ ফুট। এতে ভারী যানবাহন চলাচল করলেই সেতু কেঁপে ওঠে।
মেঘনা সেতু পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞাসহ সওজ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।