বালু উত্তোলন, ঝুঁকিতে মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চর পাচুরিয়া এলাকায় মহাসড়কের পাশ থেকে তিন মাস ধরে বালু তোলা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে। থানায় দায়ের করা অভিযোগ এবং সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ চর পাচুরিয়া গ্রামের সিদ্দিক খান ও তাঁর ভাই সুমন খান বসতভিটা তৈরির জন্য শ্যালো যন্ত্র বসিয়ে বালু তুলছেন। বালু তোলায় ব্যস্ত শ্রমিক জাহিদ মিয়া জানান, ড্রেজারমালিক রেজুন মিস্ত্রিসহ তিনজন শ্রমিক তিন মাস ধরে বালু তুলছেন। দীর্ঘদিন ধরে বালু তোলার কারণে মহাসড়কের পাশে প্রায় ৩৫-৪০ফুট গভীর হয়ে গেছে। তিনি আর জানান, রাজবাড়ীর কুটিরহাট এলাকার রেজুন মিস্ত্রির দুটি শ্যালো যন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। শ্যালো যন্ত্রের মালিক প্রতি হাজার ঘনমিটার বালু তোলার জন্য এক হাজার ৪০০ টাকা করে নিচ্ছেন। তিনি জানান, মহাসড়ক থেকে প্রায় দেড় শ ফুট দূর থেকে মাটি কাটা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে। তাঁরা যেখান থেকে আমাদের মাটি কাটতে বলবেন, সেখান থেকেই কাটব।’ জমির মালিক সিদ্দিক খান ও তাঁর ভাই সুমন খান বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের লোকজনের সঙ্গে মাপজোক করে আমাদের সীমানা থেকে আরও প্রায় ৮০ ফুট জায়গা ছেড়ে অর্থাৎ মহাসড়ক থেকে প্রায় আড়াই শ ফুট দূর থেকে বালু তোলা হচ্ছে। আমাদের জমিতেই শ্যালো যন্ত্র বসিয়ে মাটি তোলা হচ্ছে। তবে দুই-তিন দিনের মধ্যে মাটি কাটা বন্ধ করে দেব।’ সড়ক ও জনপথ বিভাগ রাজবাড়ীর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, মহাসড়ক থেকে ২০০ ফুট দূরে গভীর করে বালু তোলা হচ্ছে। জায়গাটি ব্যক্তিমালিকানার হলেও গভীর গর্তের কারণে মহাসড়ক ঝুঁকির মুখে পড়েছে। এ ব্যাপারে দুই সপ্তাহ আগে গোয়ালন্দঘাট থানায় লিখিতভাবে একটি অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত থানাপুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গতকাল শুক্রবার বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর ঘটনাস্থলে থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পাঠালে সেখানে সওজের লোকজন জমির মালিকের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করায় অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়নি।