বালু উত্তোলন বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন
মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার দুপুরে তাঁরা উপজেলার চর হিজলাইন এলাকায় নদীর তীরে এ কর্মসূচি পালন করেন।
কয়েকজন বাসিন্দা বলেন, পয়লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত এক বছরের জন্য উপজেলার আউটপাড়া এলাকায় কালীগঙ্গা নদীর বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। ইজারা পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তুষার এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আবু বকর সিদ্দিক খান। কিন্তু ইজারাদার নির্ধারিত জায়গা ছেড়ে চর হিজলাইন এলাকায় ওই নদী থেকে চারটি খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন। এর ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও ওই এলাকা থেকে মাটি উত্তোলন বন্ধ করা হচ্ছে না। এ কারণে গতকাল বেলা ১১টার দিকে বার্তা, নলন্ডি, হিজলাইন, চর হিজলাইন, বালিয়াবিল, গোস্তা ও চর গোস্তা গ্রামের গ্রামের দুই শতাধিক নারী ও পুরুষ লাঠিসোঁটা ও ঝাড়ু নিয়ে কালীগঙ্গা নদীর পাড়ে চর হিজলাইন এলাকায় জড়ো হন। তাঁরা বালু উত্তোলন বন্ধে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে এলাকাবাসীর তোপের মুখে বালু উত্তোলন বন্ধ রাখা হয়। এই কর্মসূচিতে স্থানীয় পুটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুল জলিল ও ইউপি সদস্য পান্নু মিয়াও উপস্থিত ছিলেন।
যুবলীগের নেতা আবু বকর সিদ্দিক বলেন, ‘জেলা প্রশাসনের ইজারা দেওয়া নির্ধারিত স্থানেই খননযন্ত্র বসানো হয়েছে। কারও ক্ষতি করার ইচ্ছা আমার নেই। বালু উত্তোলনের কারণে নয়, নদীতে দ্রুত পানি কমার কারণে ভাঙন শুরু হয়েছে।’