বালু উত্তোলনে আদালতের তিন মাসের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের কানাইনগর ও বাহারচর মৌজায় বালু উত্তোলনের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বালু উত্তোলন কেন অবৈধ ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জনস্বার্থে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ রিটটি করলে আদালত রুল জারিসহ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। ভূমিসচিব, পরিবেশ ও বনসচিব, পানিসম্পদসচিব, এলজিআরডি-সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আদালতে বেলার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ইকবাল কবির।রিটে বলা হয়, কড়ইকান্দি গ্রামের কানাইনগর ও বাহারচর মৌজা (৭৫ একর) এবং তৎসংলগ্ন এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গ্রামের ঘরবাড়ি, বসতভিটা, কৃষিজমি ভাঙন ও পাওয়ার স্টেশন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইজারার মাধ্যমে বালুমহাল বন্দোবস্ত দেওয়া হলেও (বালুমহালের) নির্দিষ্ট সীমা অতিক্রম করে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। পাওয়ার স্টেশন থেকে এক হাজার ফুট উত্তরে বালু উত্তোলন করতে পারবে না বলে উল্লেখ থাকলেও ইজারাদারেরা তা লঙ্ঘন করছেন। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হরিপুর-কুমিল্লা ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের পটহেড এবং তা তদারকের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দপ্তরসহ আবাসিক কোয়ার্টার ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এ ছাড়া বর্তমানে বহু প্রান্তিক কৃষক তাঁদের জমিজমা ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হতে বসেছেন।