বালু উত্তোলনে মৎস্য অভয়াশ্রম ও নদের তীর ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভামদা গ্রামে টাঙ্গন নদে দুটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলা হচ্ছে। এতে নদটির পাড় ভেঙে যাচ্ছে ও গাঞ্জনদহ অভয়াশ্রমের শাখা ‘ভন্ডমনি’ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভামদা গ্রামে টাঙ্গন নদে দুটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলা হচ্ছে। এতে নদটির পাড় ভেঙে যাচ্ছে ও গাঞ্জনদহ অভয়াশ্রমের শাখা ‘ভন্ডমনি’ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভামদা গ্রামে টাঙ্গন নদে দুটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে মৎস্য অভয়াশ্রমের ভেতর থেকে বালু তোলা হচ্ছে। এতে নদটির পার ভেঙে যাচ্ছে এবং গাঞ্জনদহ অভয়াশ্রমের শাখা ‘ভন্ডমনি’ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভামদা গ্রামে টাঙ্গন নদের ভন্ডমনি এলাকায় দুটি খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। একটি যন্ত্র বসানো হয়েছে নদের উত্তর প্রান্তে আর দ্বিতীয়টি প্রায় ২০ ফুট দক্ষিণে। এ সময় ভামদা গ্রামের কয়েকজন মৎস্যজীবী জানান, ইটভাটার মালিক মো. আবু জাহিদ মৎস্য অভয়াশ্রম ভন্ডমনির ভেতরে দুটি খননযন্ত্র বসিয়ে বালু তুলে নদের পূর্ব পাশে তাঁর আমবাগানের জমি ভরাট করছেন। এক মাস ধরে ওই বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু উত্তোলনে নদের ওই কিনারার প্রায় ২৫ ফুট গর্ত হয়ে অভয়াশ্রমটি ভেঙে গেছে। দক্ষিণ পাশের যন্ত্রটি নদের তীরের কাছে বসানোয় সেখানেও ২০-২৫ ফুট গর্ত হয়েছে। এতে নদের পশ্চিম পার ভাঙছে এবং এক মাসে তীরের ১২-১৪ ফুট মাটি ভেঙে নদে বিলীন হয়েছে।
ভামদা গ্রামের দেবারু রায় ও উজির আলী জানান, ‘নদের মধ্যস্থান বা পূর্ব পাশ থেকে বালু ওঠালে তীর ভাঙার তেমন ঝুঁকি থাকত না। কিন্তু আবু জাহিদ খননযন্ত্র পশ্চিম পার ঘেঁষে বসিয়েছেন, যাতে পূর্ব পাশে তাঁর জমিটি না ভাঙে।’
খননযন্ত্রের মালিক মো. আবু জাহিদ বলেন, ‘যেদিকে নদের পানি বেশি আমি সে জায়গাতেই খননযন্ত্র বসিয়ে বালু তুলছি। এতে অভয়াশ্রম বা নদের তীরের ক্ষতি হলে প্রয়োজনে খননযন্ত্র সরিয়ে বসানো হবে।’
টাঙ্গন নদ গাঞ্জনদহ মৎস্য ব্যবস্থাপনা কমিটির (এফএমসি) সাধারণ সম্পাদক নগেন চন্দ্র রায় বলেন, ‘গাঞ্জনদহ অভয়াশ্রমের শাখা অভয়াশ্রম হচ্ছে টাঙ্গন নদের ভন্ডমনি। সেখানে বালু তোলায় অভয়াশ্রম ক্ষতিগ্রস্ত হবে এবং নদের তীর ভেঙে পড়বে জানলে আগেই নিষেধ করতাম। আমি এফএমসির সভায় সিদ্ধান্ত নিয়ে বালু তুলতে নিষেধ করে দেব।’
উপজেলার মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ইব্রাহিম বলেন, ‘অভয়াশ্রম খননের জন্য প্রশাসনের সাহায্য চাইব। কিন্তু অপরিকল্পিতভাবে খনন করে অভয়াশ্রমের ক্ষতি করতে দেওয়া যাবে না।’
উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা বলেন, এখন মাছের ডিম ছাড়ার সময়। মাছেরা ডিম ছাড়ার জন্য পছন্দ অনুযায়ী ক্ষেত্র বেছে নেয়। এ সময় বালু উত্তোলন করা হলে মাছের প্রজনন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া নদ থেকে খননযন্ত্র বসিয়ে বালু তোলাও বেআইনি।