বালু উত্তোলনের দায়ে চারটি খননযন্ত্র পুড়িয়ে ধ্বংস

বাগেরহাট শহরের ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভৈরব নদের দড়াটানা সেতু এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এগুলো পুড়িয়ে দেন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল হাফিজ ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা এই অভিযান পরিচালনা করেন।
ইউএনও মো. নুরুল হাফিজ বলেন, বাগেরহাট শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের বিভিন্ন এলাকায় খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে নদের দড়াটানা সেতুসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা চারটি খননযন্ত্র জব্দ করা হয়। এই মেশিনগুলোর সাহায্যে কোনো ধরনের অনুমতি ছাড়া বালু তোলা হচ্ছিল। এতে ভৈরব নদের ওপর নির্মিত দড়াটানা সেতুসহ দুই পাড় হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। বালু উত্তোলনকারী কাউকে আটক করা না গেলেও খননযন্ত্রগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় চার-পাঁচজন বাসিন্দা অভিযোগ করেন, কয়েক বছর ধরে প্রভাবশালী একটি মহল ভৈরব নদের পুঁটিমারী, রাধাবল্লভ, ফতেপুরসহ বিভিন্ন এলাকায় খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুম এলে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটলসহ ভাঙন দেখা দেয়। কয়েকবার তা ভেঙে রাধাবল্লভসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। তাই অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা।