বালু তুলতে বাঙ্গালীর বুকে বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙ্গালী নদী থেকে প্রতিদিন প্রায় দেড় শ ট্রাক বালু লুট করছেন ছাত্রলীগের এক নেতা৷ বালুবাহী ট্রাক চলাচলের জন্য নদীতে বাঁধ দিয়ে রাস্তা বানিয়েছেন এবং নদীর এক পাড় কেটে ফেলেছেন৷
নদীতে আড়াআড়িভাবে বাঁধ দেওয়ায় নৌকা চলাচলে বিঘ্ন ঘটছে৷ ঠিকমতো মাছও ধরা যাচ্ছে না বলে জেলেরা জানিয়েছেন৷
ছাত্রলীগের ওই নেতার নাম সুজাত মাহমুদ ওরফে সজিব৷ তিনি সারিয়াকান্দির ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি৷ তাঁর সহযোগী হিসেবে আছেন হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি৷
বালু লুটের কথা স্বীকার করে সুজাত মাহমুদ বলেন, ‘নদীতে পানি নেই৷ তাই বর্ষা আসার আগ পর্যন্ত নদী থেকে বালু পরিবহনের জন্য ট্রাক চলাচলের ওই রাস্তা করেছি৷ তা ছাড়া বর্ষা এলে এমনিতেই ওই রাস্তা তলিয়ে যাবে৷ তখন আর সমস্যা হবে না৷’
গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তরণীরহাট-চন্দনবাইশা সড়কের সারিয়াকান্দির জোড়গাছা সেতু এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘ সেতুর নিচে বহমান বাঙ্গালী নদী৷ সেতু থেকে ২০০ গজ পূর্ব দিকে নদীতে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র বসিয়ে বালু তুলছিলেন সুজাত মাহমুদের নিয়োগ করা শ্রমিকেরা৷ সেখানে দুটি অফিসঘরও নির্মাণ করা হয়েছে৷
অন্যদিকে, সেতুর ১০০ গজ পশ্চিমে নদীর বুকে আড়াআড়ি বালুর বাঁধ দিয়ে ট্রাক চলাচলের জন্য রাস্তা বানানো হয়েছে এবং নদীর উঁচু পাড় কাটা হয়েছে৷ বাঁধের দুই পাশেই বেশ পানি ছিল৷ এক পাশে বাঁধা ছিল দুটি নৌকা৷ নৌকার পাশেই নদীতে নেমে ঘাস ধোয়ার কাজ করছিলেন গাবতলীর সোনামান গ্রামের কৃষক গোলাম হোসেন৷ তিনি বলেন, এ নদীতে নৌকা চলে৷ জেলেরা সারা বছর মাছ ধরেন৷ সবাই মিলে গোসল করেন৷ মাস খানেক আগে বালুর ট্রাক যাতায়াতের জন্য নদীর বুকে এ রাস্তা নির্মাণ করা হয়েছে৷
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, নদীতে বাঁধ দেওয়ার পর থেকে তাঁরা নৌকা পারাপার করতে পারছেন না৷ মাছও ধরতে পারছেন না৷
ট্রাক শ্রমিক আবদুল জব্বার জানান, তাঁরা নদী থেকে ট্রাকে বালু ভরে শহরে নিয়ে যান৷ প্রতি ট্রাক বালুর দাম ৭০০ টাকা৷ তবে তাঁরা শুধু ট্রাকের ভাড়া পান৷ ট্রাকচালক কলি মিয়া জানান, প্রতিদিন প্রায় ১৫টি ট্রাক ১০ বার করে এখান থেকে বালু বহন করে৷
শ্রমিকদের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিদিন ১৫০ ট্রাক বালু বিক্রি করে এক লাখ পাঁচ হাজার টাকা আয় করেন সুজাত৷
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান খান বলেন, নদী থেকে বালু উত্তোলনকারীরা খুব দাপুটে৷ বালু তোলায় বাধা দিতে গেলেই খুব দাপট দেখান৷ পুলিশ নিয়ে অভিযানে গেলে কয়েক দিন পর আবারও বালু তোলেন৷ সারিয়াকান্দি ও গাবতলী উপজেলার সীমানায় বাঙ্গালী নদীর অবস্থান হওয়ায় এ উপজেলায় খননযন্ত্র বন্ধ করে দিলে ওই উপজেলার সীমানায় গিয়ে বালু তোলেন৷ দুই উপজেলা প্রশাসনের যৌথ অভিযান ছাড়া নদী থেকে বালু লুট বন্ধ সম্ভব নয়৷
পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ প্রথম আলোকে বলেন, নদীর গতিপথ বন্ধ করে বাঁধ দেওয়া পরিবেশ আইনের লঙ্ঘন৷ বাঁধ অপসারণের জন্য প্রশাসনকে জানানো হয়েছে৷ শিগগির অভিযান চালানো হবে৷