বালু তুলে পদ্মা সেতুর পুনর্বাসন এলাকা ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কনস্ট্রাকশন স্টক ইয়ার্ড (নির্মাণকারী প্রতিষ্ঠানের মালামাল রাখার জায়গা) ভরাট করার জন্য অবৈধভাবে ড্রেজার দিয়ে পদ্মা নদী থেকে বালু তোলা হচ্ছে। জাজিরা উপজেলার ডিয়ারা নাওডোবা এলাকার ৬১ হেক্টর জায়গা ভরাটের কাজ করছে আরপি কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন ফকিরের সহায়তায় মাস খানেক ধরে ওই প্রতিষ্ঠান বালু তুলছে। তবে প্রশাসন বলছে, ওই জায়গা থেকে বালু তুলতে তারা অনুমতি দেয়নি। বালু তোলায় নদীতীরবর্তী এলাকার লোকজন ভাঙনের আশঙ্কা করছে।শিবচর উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ৩১ কোটি ৪৮ লাখ টাকায় ওই ৬১ হেক্টর জমি ভরাটে সেতু বিভাগ আরপি কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করেছে। প্রশাসনের অনুমতি ছাড়া শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন ফকির প্রতিষ্ঠানটিকে বালু কাটার জন্য নদীতে জায়গা নির্ধারণ করে দিয়েছে, বিনিময়ে প্রতিষ্ঠানটি প্রতি ঘনফুট বালুর জন্য তাঁকে এক টাকা ৩৫ পয়সা দিচ্ছে। প্রতিদিন ৩০টি ড্রেজার দিয়ে ১২ থেকে ১৫ লাখ ঘনফুট বালু তোলা হচ্ছে।সোমবার সকাল ১০টার দিকে সরেজমিন দেখা গেছে, তারাপাশায় পদ্মার তীর থেকে ২০০ মিটার দূরে আধা কিলোমিটার এলাকায় ৩০টি ড্রেজার বসানো হয়েছে। বালু তুলে বলগেটে (বালুবাহী কার্গো) করে তীরে নেওয়া হচ্ছে। এরপর বলগেট থেকে ড্রেজারের মাধ্যমে প্রকল্প এলাকায় ফেলা হচ্ছে। একই স্থান থেকে এতগুলো ড্রেজার দিয়ে বালু তোলায় নদীভাঙনের হুমকিতে রয়েছে ডিয়ারা নাওডোবা, হাজি জৈনদ্দিন মাদবরকান্দি, নঈমউদ্দিন খাঁরকান্দি, সমর আলী মৃধাকান্দি, মাদবরকান্দি, মাঝিকান্দি গ্রাম, ছাত্তার মাদবর ফেরিঘাট ও মঙ্গল মাঝি লঞ্চঘাট।সমর আলী মৃধাকান্দি গ্রামের আবুল কাশেম বেপারী বলেন, ‘নদীতীরের কাছে এতগুলো ড্রেজার দিয়ে বালু তোলায় আশপাশের সব গ্রাম ভাঙনের হুমকিতে রয়েছে।’ ড্রেজারচালক লিটন খান বলেন, ‘আরপি কনস্ট্রাকশনের সঙ্গে আমাদের কোম্পানির চুক্তি হয়েছে। ড্রেজার দিয়ে বালু কেটে তা প্রকল্প এলাকায় পৌঁছে দেওয়া আমাদের কাজ। প্রতিদিন একটি ড্রেজার দিয়ে ৫০ থেকে ৬০ হাজার ঘনফুট বালু কাটা সম্ভব। এক মাস ধরে এখান থেকে আমরা বালু তুলছি।’আরপি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক জহির হোসেন ভূঁইয়া বলেন, ‘সেতু বিভাগ থেকে পদ্মা সেতুর কয়েকটি প্রকল্প এলাকা ভরাটের কাজ পেয়েছি। যুবলীগের নেতা গিয়াস উদ্দিন ফকির বালু তোলার জন্য নদীতে জায়গা দিয়েছেন। বিনিময়ে তাঁকে আমরা প্রতি ঘনফুট বালুর জন্য এক টাকা ৩৫ পয়সা দিই।’গিয়াস উদ্দিন ফকির বলেন, ‘নদী থেকে বালু তুলতে শিবচর উপজেলা প্রশাসনের কাছে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে। আরপি কনস্ট্রাকশনের সঙ্গে আমার চুক্তি হয়েছে। তবে ব্যবসায়িক গোপনীতার স্বার্থে কত টাকার চুক্তি হয়েছে, তা বলা যাবে না।’শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল বিশ্বাস গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘উপজেলার কোথাও বালুমহাল ইজারা দেওয়া হয়নি। বালু তুলতে কাউকে মৌখিক অনুমতিও দেওয়া হয়নি।’শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিতাইচন্দ্র সেন বলেন, ‘পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি। তবে ঘটনাস্থল আমাদের সীমানায় না হওয়ায় ব্যবস্থা নিতে পারিনি। ওই স্থান থেকে বালু তোলায় জাজিরা উপজেলার অনেকগুলো গ্রাম ভাঙনের হুমকিতে পড়েছে।’