
বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া সড়কের এক কিলোমিটার ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। বছর কয়েক ধরে ঝুঁকি নিয়ে ওই সড়কেই যানবাহন চলছে। অবৈধভাবে বালু তোলার কারণে সড়কটি এখন ভাঙনের মুখে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, বিষয়টি স্থানীয় কাউন্সিলর এবং সিটি করপোরেশনকে জানালেও তাঁরা সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছেন না।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশাল মেট্রোপলিটন এলাকার পশ্চিম প্রান্তে কালিজিরা নদী। নদীর ওপারে ঝালকাঠি জেলা। ভাঙন থেকে নগরের বাসিন্দাদের রক্ষার জন্য ২০১০ সালে নদীর পাড় ধরে প্রায় পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ করে সিটি করপোরেশন। সড়কটি কালিজিরা বাজার থেকে জাগুয়া হয়ে নবগ্রাম সড়কের সঙ্গে মিলিত হয়েছে। প্রতিদিন এই সড়কে ইজিবাইক, রিকশা, মাহেন্দ্র গাড়ি, মাইক্রো, ট্রাকসহ দুই শতাধিক যানবাহন চলাচল করে। তিন বছর ধরে সড়কটিতে ভাঙন শুরু হয়। দীর্ঘদিন ধরে সংস্কার ও সড়ক কেটে পানি সরানোর জন্য পাইপ বসানোর কারণে সড়কটি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কালিজিরা এলাকায় ওই সড়কের পাশে তাকওয়া এন্টারপ্রাইজ, দুলাল এন্টারপ্রাইজসহ ১২-১৪টি প্রতিষ্ঠান বালু উত্তোলন, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সড়ক কেটে পাইপ স্থাপন করা হয়েছে। এসব পাইপ দিয়ে পানি নদীতে অপসারণের কারণে নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কটি দেবে যাচ্ছে।
জাগুয়া এলাকার বাসিন্দা সুলতান আহম্মেদ খান বলেন, তিন বছর ধরে রাস্তাটি ভাঙছে। এখানে বালু উত্তোলনকারী একাধিক প্রতিষ্ঠান ভাঙনের জন্য দায়ী।
হরিনাফুলিয়া এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর অভিযোগ করেন, সড়কটি দ্রুত ভাঙার কারণ বালুর অবৈধ ব্যবসা। সিটি করপোরেশন অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। বালু ব্যবসায়ীরা সড়কের নিচ থেকে পানির পাইপ নেওয়ায় সড়কটি হুমকির মুখে পড়েছে। রিপন ট্রেডার্সের খোকন সিকদার বলেন, ‘রাস্তার নিচ দিয়ে পাইপ নিয়ে বালুর সঙ্গে থাকা পানি সরানো হচ্ছে। সবাই পাইপ দিয়েছে, আমরাও দিয়েছি। যারা পাইপ দেয়নি, তাদের কারণেই রাস্তার ক্ষতি হচ্ছে।’
এ ব্যাপারে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদউদ্দিন হাওলাদার বলেন, বালু উত্তোলন বন্ধ করতে বলা হলেও কেউ শুনছে না। তবে সড়ক সংস্কারের জন্য সিটি করপোরেশনে বলা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতালেব হাওলাদার বলেন, স্থায়ীভাবে সংস্কারের জন্য পাঁচ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে ওই প্রকল্প অনুমোদন না হওয়ায় সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে সড়কটি যাতে আর না ভাঙে সে জন্য বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।