বালু তোলায় হুমকিতে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বাঙ্গালী নদী থেকে যন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে এরশাদ আলী নামের এক ব্যক্তি অবৈধভাবে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নদীর ওপর নির্মিত বথুয়াবাড়ি সেতুর কাছ থেকে এ বালু তোলায় সেতুটি হুমকিতে পড়েছে। বালু তোলার প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পাঁচ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে বথুয়াবাড়ি বাঙ্গালী নদীর ওপর ১৪৮ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতু নির্মাণ করা হয়। সেতুর পূর্ব পাশে বথুয়াবাড়ি মৌজার নয় একর বালুমহাল রয়েছে। এ বছর ওই মহাল ৩৩ লাখ টাকায় চৌবাড়িয়া গ্রামের এরশাদ আলী ইজারা নিয়েছেন। সরকারি নীতিমালা অনুযায়ী প্রশাসন ইজারাদারকে সেতু থেকে এক কিলোমিটার দূরে নদীর চরে অবস্থিত ভাসমান বালু তুলতে নির্দেশ দিয়েছে। কিন্তু ইজারাদার সরকারি নীতিমালা উপেক্ষা করে সেতুর মাত্র ২০০ মিটার দূর থেকে আটটি ইঞ্জিনচালিত খননযন্ত্র দিয়ে নদী থেকে বালু তুলছেন।
এলাকার অনেকে অভিযোগ করেন, সেতুর কাছ থেকে বালু তোলায় নদীভাঙনে সেতুর পিলার দেবে সেতু হুমকিতে পড়বে। এ ছাড়া নদীর পাশের বথুয়াবাড়ি ও চৌবাড়িয়া গ্রামের দুই হাজার পরিবার ভাঙনের কবলে পড়বে।
বথুয়াবাড়ি গ্রামের গোলজার হোসেন বলেন, ‘আমরা গত বছর বালুমহাল ইজারা নিয়ে সেতুর অনেক দূর থেকে ভাসমান চর কেটে বালু তুলেছি। এ বছর এরশাদ আলী জেদ করে মূল্য বেশি দিয়ে বালুমহাল ইজারা নিয়েছেন। তিনি সেতুর কাছ থেকে খননযন্ত্র দিয়ে যেভাবে নদীর গভীর থেকে বালু তুলছেন, তাতে সেতুর পিলার দেবে ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ছাড়া নদীর ভাঙনে ওই দুই গ্রামের শত শত পরিবার বাড়িঘর বসতভিটা হারাবে।’
তবে এরশাদ আলী বলেন, ‘এ বছর অনেক টাকা দিয়ে ইজারা নিয়েছি। তাই খননযন্ত্র দিয়ে বালু তোলার আইন না থাকলেও উপায় নেই। যেভাবে হোক বালু তুলতেই হবে। এর আগে যাঁরা ইজারা নিয়েছিলেন, তাঁরা সবাই এভাবেই বালু তুলেছেন।’
ইউএনও হাফিজুর রহমান জানান, ইজাদারকে সেতু থেকে এক কিলোমিটার দূরে নদীর চর কেটে ভাসমান বালু তোলার জন্য ইজারা দেওয়া হয়েছে। নীতিমালা উপেক্ষা করে সেতুর কাছ থেকে খননযন্ত্র দিয়ে বালু তোলার কোনো সুযোগ নেই। এটা কেউ করলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।