বালু তোলা ও তীরের মাটি কাটা হচ্ছে, হুমকিতে বিদ্যালয়-বাজার

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কামঠানা, তেঁতুলিয়া ও চরবগজুড়ি গ্রাম এলাকায় মধুমতী নদী থেকে বালু উত্তোলন এবং নদীর তীর থেকে মাটি কাটা হচ্ছে। এ কারণে আশপাশের গ্রামগুলোয় ভাঙন তীব্র হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। এলাকাবাসীর অনুরোধে গত রোববার সন্ধ্যায় চরবগজুড়ি এলাকার ভাঙন পরিদর্শনে আসেন স্থানীয় সাংসদ শেখ হাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান।
সোমবার সরেজমিনে দেখা গেছে, কালনা বাজারের দক্ষিণ পাশে কামঠানা এলাকায় মধুমতী নদীর তীর থেকে প্রায় ৪০০ ফুট ওপর পর্যন্ত প্রায় পাঁচ একর জায়গাজুড়ে গভীর করে কোদাল দিয়ে মাটি কাটা হচ্ছে। মাটি কাটা শ্রমিক ইয়াকুব শেখ, চান মিয়া ও নজির মোল্লা জানান, তাঁরা ১৩ জন এ মাটি কেটে বিভিন্ন ইটভাটায় দিচ্ছেন। ট্রাকে করে নেওয়া হচ্ছে এ মাটি। জমির একাংশের মালিক স্থানীয় ইউপির সদস্য (সংরক্ষিত নারী) আসমা বেগম এ মাটি ইটভাটার মালিকদের কাছে বিক্রি করেছেন।
আসমা বেগম বলেন, ‘এসব জমি আমার এবং আমার ভাইদের। এ জমি যেকোনো সময় নদীতে চলে যাবে, তাই বিক্রি করে কিছু টাকা পাচ্ছি।’ এলাকাবাসী জানান, কামঠানা, তেঁতুলিয়া ও চরবগজুড়ি গ্রাম এলাকায় মধুমতী নদী থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলে ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিদিন রাত তিনটা থেকে চারটা এবং সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত বালু তোলেন ট্রলারশ্রমিকেরা। প্রতিদিন ওই এলাকায় খননযন্ত্র দিয়ে বালু তুলে ১০ থেকে ১২টি ট্রলারে ভরে নিয়ে যান শ্রমিকেরা।
এলাকার কয়েকজন জানান, নদীর তীর থেকে মাটি কাটায় এবং এভাবে বালু উত্তোলন করায় এলাকায় ভাঙন তীব্র হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং ইউএনওকে জানানো হয়েছে।
লোহাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদর খোন্দকার জানান, ভাঙনকবলিত এ এলাকায় (তিনটি গ্রাম) বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার লোক বসবাস করে। গত পাঁচ থেকে ছয় বছরে এখানে পাঁচ শতাধিক পরিবারের বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। এখন হুমকির মুখে রয়েছে অন্যান্য বসতবাড়িসহ এলাকার প্রাথমিক বিদ্যালয় ও কালনা বাজার।
নদী থেকে ৩৫ ফুট দূরে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম শওকত হোসেন বলেন, ‘এ এলাকার একমাত্র বিদ্যালয়টি যেকোনো সময় নদীতে চলে যেতে পারে। তখন হয়তো খোলা আকাশের নিচে ক্লাস নিতে হবে। সহকারী শিক্ষক লতিফা পারভীন বলেন, ‘প্রতিদিন স্কুলে ঢোকার আগে নদীতীরে যাই আর ভাবি, আজ স্কুল টিকবে তো?’

কালনা বাজারের ব্যবসায়ী হাদিয়ার শেখ জানান, মাটি কাটায় এবং বালু তোলায় শুকনা মৌসুমেও নদী ভাঙছে। আগামী বর্ষায় কালনা বাজার নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। কামঠানা গ্রামের বাসিন্দা সুবল চন্দ্র শিকদার (৭২) বলেন, দুবার নদীতে বসতভিটা গেছে, যেকোনো সময় বর্তমান বসতবাড়িটিও নদীতে চলে যেতে পারে। জায়গাজমি যা ছিল সব শেষ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নড়াইলের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী জানান, নদীর তীর থেকে মাটি কাটা এবং নদী থেকে বালু উত্তোলন নদীভাঙনে সহায়ক। এ ব্যাপারে লোহাগড়ার ইউএনওকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হবে।
ইউএনও বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ পেয়ে আমি সরেজমিনে ওই এলাকা দেখে এসেছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’