রাজশাহীতে শহর রক্ষা বাঁধের ওপর দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা অব্যাহত রয়েছে। এতে শহর রক্ষা প্রকল্পের ক্ষতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
নগরের শ্রীরামপুর মৌজায় পদ্মা নদী থেকে মাস খানেক ধরে বালু তোলা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল আটটা পর্যন্ত শত শত ট্রাক বাঁধের ওপর দিয়ে বালু নিয়ে চলে যাচ্ছে। এই এলাকায় রয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, জেলা প্রশাসকের বাসভবন ও সার্কিট হাউস।
রাজশাহী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘এ ব্যাপারে ১৯ ফেব্রুয়ারি নগরের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন বৃদ্ধিসহ শহর রক্ষা প্রকল্পের প্রায় দুই কোটি টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, যারা বালু তুলছে তাদের নাম-ঠিকানা তাঁরা জোগাড় করতে পারেননি। তাঁরা ঘটনাস্থলের বর্ণনা দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন।
গত ২১ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘কারাগারের পাশ থেকে আবারও বালু উত্তোলন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত রোববার শ্রীরামপুর এলাকার বাঁধে গিয়ে দেখা যায়, সার ধরে বালুর ট্রাক বাঁধের ওপর দিয়ে পার হয়ে যাচ্ছে। আবার নদীর পাড়ে বিশাল গর্ত খোঁড়া হয়েছে। এর পাশে একটি টংঘর বানানো হয়েছে। সেখানে বালুর ট্রাকের হিসাব নেওয়ার জন্য কয়েকজন লোক রয়েছেন। ছবি তুলতে গেলে তাঁদের একজন বাধা দেন।
স্থানীয় একটি সূত্র জানায়, মিন্টু নামের একজন বালু তোলার সঙ্গে জড়িত। মুঠোফোনে যোগাযোগ করলে মিন্টু বলেন, তাঁরা আগে বালু তুলতেন। এখন অন্য লোক তুলছে। তবে তাদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তিনি তাদের চেনেন না।
রাজশাহী মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান ওরফে ডালিমের জমির ওপর দিয়ে ট্রাকগুলো বালু নিয়ে যাচ্ছে। জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, তিনি কাউকে ভয় করেন না। বালু তোলা বন্ধ না করলে তাঁর জমির ওপর দিয়ে যে রাস্তা বানানো হয়েছে, তা তিনি কেটে দেবেন। তবে এখনো ওই রাস্তা দিয়েই বালু তোলা হচ্ছে।
২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বালু তোলার ঘটনায় কারাগারের ক্ষতির আশঙ্কা জানিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছিলেন। রাজশাহী পাউবোর পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছিল। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলনকারীদের সতর্ক করে দেওয়া হয়েছিল। এরপর বালু তোলা বন্ধ ছিল। সম্প্রতি আবার বালু তোলা শুরু হয়েছে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, অবিলম্বে তিনি ওই এলাকায় অভিযান চালাবেন। রাজপাড়া থানার পরিদর্শক সিরাজুম মনির বলেন, পাউবোর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশ সে সময় বালু তুলতে নিষেধ করে আসে। এর পরে কী হয়েছে আবার খোঁজ নিতে হবে।