বালু তোলায় ঝুঁকিতে বিদ্যুতের টাওয়ার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কানাইনগরে নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার ঘেঁষে বালু তোলা হচ্ছে। এতে ভেঙে পড়ার ঝুঁকির মুখে পড়েছে টাওয়ারটি।
পাওয়ার গ্রিড ঢাকা দক্ষিণ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বালু তোলা বন্ধ করতে গত ২৪ জুন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।
কানাইনগর এলাকায় গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে গিয়ে দেখা গেছে, টাওয়ার নির্মাণের কাজ করছেন ২০-২৫ জন শ্রমিক। কড়িকান্দি ফেরিঘাট থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে নির্মাণাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইন বরাবর তিনটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তুলছেন ঠিকাদারের লোকজন। আশপাশের বাসিন্দারা বলেন, বাহেরচর গ্রামের আবদুল করিম, মানিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান ওরফে বাবুল মোল্লা, স্থানীয় শরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল বাতেনসহ কয়েকজন দুই মাস ধরে ওই এলাকা থেকে বালু তুলছেন।
পাওয়ার গ্রিড কোম্পানির কর্মকর্তারা জানান, ঢাকা ও কুমিল্লায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালনের লক্ষ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ১৯৬০ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার টেটিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর এলাকার মেঘনা নদীতে সাবমেরিন কেব্ল বসায়। নদীর দুই পাশে (টেটিয়া ও কানাইনগর) প্রয়োজনীয় জমি কিনে পটহেড স্থাপন করা হয়। ওই লাইন দিয়ে ১৩২ কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন করা হতো। সাবমেরিন কেব্ল লাইন বিকল হলে নদীর তলদেশ থেকে এটি অপসারণ করা হয় এবং ওভারহেড লাইন স্থাপনের কাজ শুরু হয়। এখন নদীর দুই প্রান্তে দুটি বিদ্যুৎ টাওয়ার ও ১ হাজার ৬২০ মিটার দৈর্ঘ্যের সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন টাওয়ারের উচ্চতা ১৭৫ মিটার।
কিছুদিন ধরে সঞ্চালন লাইন বরাবর মেঘনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। টাওয়ারের পাশ ঘেঁষে নদী থেকে বালু তোলার কারণে ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন টাওয়ার দুটি ঝুঁকির মুখে পড়েছে। বিদ্যুতের গ্রিড লাইন রক্ষায় মেঘনা নদীর টেটিয়া ও কানাইনগর প্রান্তে সঞ্চালন লাইন থেকে উভয় দিকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে চিঠি লেখা হয়। ঢাকা দক্ষিণ অঞ্চল গ্রিডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সরফুদ্দিন হোসেন ওই চিঠিতে বলেন, বিদ্যুতের সঞ্চালন লাইনটি রক্ষার জন্য টাওয়ারের পাশ থেকে বালু উত্তোলন বন্ধ করা জরুরি।
বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা বলেন, বাঞ্ছারামপুর উপজেলায় চারটি বালুমহালের মধ্যে বাহেরচরের ৫০ একর এবং কানাইনগরের ২৫ একর একসঙ্গে ইজারা দেওয়া হয়। এর মধ্যে কানাইনগর অংশ পাওয়ার গ্রিড টাওয়ার থেকে ১ হাজার ৪০০ ফুট উত্তরে। এ বছর ১০ লাখ ৪৮ হাজার টাকায় বাহেরচর ও কানাইনগর বালুমহালের ইজারা পায় মেসার্স মামুন এন্টারপ্রাইজ।
মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তফাজ্জল হোসেন বলেন, বালু উত্তোলনের কাজে তাঁর ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করা হচ্ছে। বালু কোথা থেকে উত্তোলন করা হচ্ছে, তা তিনি জানেন না।
বালু উত্তোলনকারী আবদুল করিম বলেন, ‘বাহেরচরের উত্তর পাড়ার খাল থেকে ফেরিঘাট পর্যন্ত হলো কানাইনগর বালুমহাল। এ জন্য আমরা টাওয়ারের পাশে নদী থেকে বালু তুলছি। কর্তৃপক্ষ যদি টাওয়ারের পাশ থেকে বালু তুলতে নিষেধ করে, সে ক্ষেত্রে আমরা বিষয়টি বিবেচনা করব।’
জেলা প্রশাসক মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমার সঙ্গে পাওয়ার গ্রিড কোম্পানি থেকে কেউ যোগাযোগ করেননি। চিঠি এসেছে কি না, তাও জানা নেই। তবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের কারণে বিদ্যুৎ লাইনের কোনো ক্ষতি হলে সেটি আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’