বালু তোলায় হুমকিতে শালবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রাবার ড্যাম ও সাগুনী শালবনের কাছে টাঙ্গন নদ থেকে সাত-আট মাস ধরে অবাধে বালু ও মাটি তোলা হচ্ছে। এতে আসন্ন বর্ষায় শালবন নদের ভাঙনের শিকার হবে বলে শঙ্কা করছেন এলাকাবাসী।
পীরগঞ্জের সাগুনী গ্রামের তুলশী চন্দ্র রায় ও বাঁশগাড়া গ্রামের আবুল কাশেমসহ আরও ছয়-সাতজন বলেন, পীরগঞ্জ-বোঁচাগঞ্জ সড়কের সাগুনী সড়কসেতু-সংলগ্ন রাবার ড্যামের ভাটিতে পানির তোড়ে শালবনের বিশাল অংশ ভাঙনের কবলে পড়েছে। ওই ড্যামের ১৫০ মিটার এবং শালবনের ২০ ফুট দূরের টাঙ্গন নদের পাড় থেকে বালু তোলা হচ্ছে। সামনেই বর্ষা। এ সময় আবার ফুঁসে উঠবে টাঙ্গন নদ। এখন যেভাবে বালু ও মাটি তোলা হচ্ছে তাতে শালবন নদের গর্ভে বিলীন হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, প্রতিদিন এখান থেকে ২০-২৫টি ট্রলিতে মাটি ও বালু তুলে বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠানো হচ্ছে। পীরগঞ্জের তরুণ কুমার রায়, কালু মোহাম্মদ, মিজানুর রহমান, সোহেল, শাহজাহান, জহিরউদ্দীন, জিয়ারুল ইসলাম, মোস্তাফা, বাদল চন্দ্র, আইনুল হক এবং বোঁচাগঞ্জের উজির আলী, এনামুল, রশিদ, জামাল বালু তুলে বিক্রি করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।
পীরগঞ্জের বালু ব্যবসায়ী তরুণ কুমার রায় বলেন, ‘নদ থেকে বালু তুলে জমা করে রাখি। পরে প্রতি ট্রলি বালু সাত-আট শ টাকায় বিক্রি করি। নদ থেকে বালু আনতে সাগুনী ও মশালডাঙ্গীতে ট্রলি প্রতি এক শ টাকা চাঁদা দিতে হয়।’
অবশ্য উজির আলী এবং আইনুল হক দাবি করেন, তাঁরা ব্যবসা নয়, বাড়ির কাজের জন্য দু-চার ট্রলি বালু ও মাটি তুলছেন। বাড়ির কাজ শেষ হলেই বালু-মাটি কাটা বন্ধ করে দেবেন।
পীরগঞ্জের ট্রলিচালক মোকশেদ আলী বলেন, ‘আমরা মালিকের হুকুমেই নদ থেকে বালু তুলি। মানুষ মালিকের কাছে বালু চাইলে মালিক আমাকে বালু তুলে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে বলেন। আমি তা-ই করি।’
পীরগঞ্জের দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় বলেন, ‘সাগুনী ও বাঁশগাড়া গ্রামের কিছু ব্যবসায়ী অনেক দিন থেকেই নদ থেকে বালু তুলছেন। সাগুনী বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পাশের সাগুনী পূজা মন্দিরের কাছে দাঁড়িয়ে কিছু তরুণ ট্রলিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা করে আদায়ও করেন। বালু তোলা ও মাটি কাটায় শালবন হুমকিতে পড়ছে। আমি উপজেলা সমন্বয় সভায় বিষয়টি তুলব।’
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আমি শিগগিরই ওই এলাকায় তহশিলদার পাঠিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব। বোঁচাগঞ্জের ইউএনওকেও বিষয়টি জানাব।’