বালু তোলায় হুমকিতে সড়ক ও জলকপাট
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে দুটি সড়ক ও একটি জলকপাট (স্লুইচগেট) হুমকিতে ফেলে সরকারি প্রকল্পের অধীনে খাল থেকে বালু কেটে নেওয়া হচ্ছে। প্রকল্পের সভাপতি ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাইমুদ্দিন মণ্ডল কাজটি করছেন। নগরকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নূরুল হাসান বলেন, ওই ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গি উচ্চবিদ্যালয়ের মাঠ ও সংলগ্ন গর্ত ভরাট করার জন্য একটি প্রকল্পের অধীনে ২০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। সেই গম দিয়েই প্রকল্পের সভাপতি হিসেবে এ কাজ করছেন ইউপি চেয়ারম্যান। গত সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, কৃষ্ণারডাঙ্গি এলাকায় ভুবনেশ্বর নদ থেকে মানিকনগরের দিকে প্রবাহিত খালের ভেতর দুটি খননযন্ত্র বসিয়ে গভীর করে বালু কাটা হচ্ছে। এর ৫০ ফুটের মধ্যে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি জলকপাট। খালের এক পাশ দিয়ে গেছে গোয়ালন্দ-তারাইল সড়ক ও অপর পাশ দিয়ে গিয়েছে গজারিয়া-কুঞ্জনগর সড়ক। বালু কাটার কাজ করছেন হাজিগঞ্জ এলাকার জাহিদ শেখ ও তাঁর দুজন সহযোগী। উত্তোলন করা বালু দিয়ে প্রায় সাড়ে ৩০০ ফুট দূরে কৃষ্ণারডাঙ্গি উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি গর্ত ভরাট করা হচ্ছে। জাহিদ শেখ বলেন, ‘১ জুলাই থেকে বালু কাটার কাজ শুরু করি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আমার পরিচিত। তার নির্দেশেই এ কাজ আমরা করছি। প্রতি ফুট বালু চার টাকা হারে কাটা হচ্ছে। সোমবার পর্যন্ত ১৭ হাজার ফুট বালু তোলা হয়েছে।’ স্থানীয় বাসিন্দা কামরুল হাসান অভিযোগ করেন, চেয়ারম্যান নিজের প্রভাব খাটিয়ে এ বালু উত্তোলন করছেন। এর ফলে জলকপাট ও সড়ক হুমকির মুখে পড়বে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, যেভাবে মাটি তোলা হচ্ছে, তাতে এলাকার ক্ষতি হতে পারে। তবে স্কুলের মাঠ ভরাট করা হবে বলে তাঁরা এ ক্ষতি মেনে নিচ্ছেন। যোগাযোগ করা হলে কাইমুদ্দিন মণ্ডল দাবি করেন এতে সড়ক ও জলকপাটের কোনো ক্ষতি হবে না। তবে ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, যে জায়গা থেকে বালু তোলা হচ্ছে, তাতে জলকপাট ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে। ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, গোয়ালন্দ-তারাইল সড়ক ক্ষতিগ্রস্ত হয়—এ জাতীয় কোনো কাজ করতে দেওয়া হবে না। সরেজমিনে পরিদর্শন করে তিনি ব্যবস্থা নেবেন।