বালু তোলার প্রতিবাদ করায় হামলা, ২০ শিক্ষার্থী আহত
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চবিদ্যালয়ের পাশ থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ২০ জন ছাত্র আহত হয়। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পলাশ ও কালীগঞ্জ উপজেলার সীমানারেখা হচ্ছে শীতলক্ষ্যা নদী। এ নদীর তীরেই ১৯৪৫ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। তিন মাস ধরে বিদ্যালয়ের পাশ ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু তুলছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকার কনক মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তি। তিনি এক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন বলে পরিচিত। বালু তোলার প্রতিবাদে বিদ্যালয় পরিচালনা পর্ষদ মাস খানেক আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। তাই গতকাল বিদ্যালয় ছুটির পর নবম ও দশম শ্রেণীর ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী প্রতিবাদ জানাতে নদীতীরে গেলে বালু তোলা শ্রমিকেরা তাদের ওপর হামলা চালান। এতে ২০ জন শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয় জামালউদ্দিন জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জামালউদ্দিন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল খালেক তালুকদার বলেন, ‘আমাদের এখানে আটজন শিক্ষার্থী এসেছিল। এর মধ্যে তিনজনের মাথা ফেটে যাওয়াসহ বাকিদের শরীরে জখম ছিল।’ প্রধান শিক্ষক আবদুর রব বলেন, ‘আমার ছেলেরা শুধু প্রতিবাদ জানাতে গিয়েছিল। উল্টো বালু উত্তোলনকারী সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়।’ পরিচালনা পর্ষদের সদস্য আসাদুল্লাহ মনা বলেন, ‘বালু তোলা বন্ধে আমরা প্রশাসক, পুলিশসহ বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ করেছি। কিন্তু ওই কনক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হওয়ায় তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধ্য হয়ে আমাদের ছেলেরা প্রতিবাদ করতে যায়।’ পলাশ থানার ওসি শাহাদত হোসেন বলেন, ‘আমরা যখন বালু উত্তোলনকারীদের ধরতে যাই তারা নিজেদের সীমানায় চলে যায়। আইনি জটিলতায় আর কিছু করা যায় না।’