বালু তোলার যন্ত্রের বিকট শব্দে স্কুলে পাঠদান ব্যাহত
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঘেঁষে ভোগাই নদ থেকে সেচযন্ত্রের মাধ্যমে বালু তুলছেন আওয়ামী লীগের নেতারা। যন্ত্রের বিকট শব্দে ওই বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। বালুর সঙ্গে পানি আসায় বিদ্যালয়ের মাঠে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা।এর প্রতিকার চেয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।পর্ষদ ও শিক্ষকেরা জানান, তিন বছর ধরে বিদ্যালয় ঘেঁষে ভোগাই নদ থেকে বালু তুলছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন তালুকদার। তবে বিদ্যালয়ের নতুন ভবন ঘেঁষে তিন মাস ধরে বালু তুলছেন গড়কান্দা এলাকার বালু ব্যবসায়ী আজমত আলী। নদীতে সেচযন্ত্র বসিয়ে পাইপের মাধ্যমে বালু ও পাথর তোলায় পানি ও যন্ত্রের বিকট শব্দে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান।সরেজমিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উত্তর ও দক্ষিণ পাশে ১০-১২ হাত দূরে দুটি সেচযন্ত্র বসিয়েছেন মফিজ উদ্দিন ও আজমত আলী। নদের একই স্থান থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামানও যন্ত্রের মাধ্যমে বালু তুলছেন। বিকট শব্দের মধ্যেই চলছে ক্লাস।এ সময় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মুক্তামালা ও রায়হান আহম্মেদ বলে, ‘শব্দের জন্য আপার কথা বুঝতে পারি না। আমরা যা বলি, আপাও ঠিকমতো বুঝতে পারেন না। মাঠে পানি থাকায় ঠিকমতো খেলাধুলা করতে পারি না। পানিতে অনেক সময় আমাদের বই ভিজে যায়।’প্রধান শিক্ষিকা দেলোয়ারা বেগম বলেন, ‘বিকট শব্দের কারণে আমরা কী পড়াই ছেলে-মেয়েরা বোঝে না। তারাই বা কী বলে, আমরাও ঠিকমতো বুঝি না। এর প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি এন এম সাইফুল ইসলাম জানান, বালু তোলার যন্ত্র সরাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন তালুকদার জানান, বালু তোলাতে শব্দদূষণ হওয়ার কথা নয়। তবে পাঠদানে বিঘ্ন হয় এমন অভিযোগ যদি কেউ করে, তাহলে স্কুল সময় ছাড়া বালু তোলার কাজ করা হবে। আজমত আলী বলেন, ‘পাঠদানে সমস্যা হলে প্রয়োজনে বালু তোলা বন্ধ করে দেব।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রফিক বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় বাঘবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলামকে সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে।