বালু তোলার সেই অনুমতি এখন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

হাইকোর্ট প্রায় চার বছর আগে চাঁদপুরে মেঘনার ডুবোচর থেকে বালু তোলার জন্য অনুমতি দিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছিলেন।

■ বালু তোলার কারণে চাঁদপুর শহর রক্ষা বাঁধের কয়েকটি স্থান দেবে গেছে।

■ ভেঙে পড়ছে চাঁদপুর অংশে মেঘনা নদীর তীর। ইলিশের প্রজননও ঝুঁকির মুখে পড়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

চাঁদপুরে মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করেছে রাষ্ট্রপক্ষ। এক রিটের পরিপ্রেক্ষিতে প্রায় চার বছর আগে ২০১৮ সালের এপ্রিলে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ২১টি মৌজায় মেঘনার ডুবোচর থেকে ৩০ কোটি ৪৮ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

২০১৫ সালে রিটটি করেছিলেন চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান। নৌপথ সচল করার কথা বলে রিটটি করা হয়েছিল।

নথিপত্রে দেখা যায়, মেঘনা নদীতে (চাঁদপুর সদর ও হাইমচরে অবস্থিত ২১টি মৌজা এলাকায়) জনস্বার্থে নিজ খরচে হাইড্রোগ্রাফিক জরিপ করতে নির্দেশনা চেয়ে ২০১৫ সালে রিট করেছিলেন সেলিম খান। রিটের ওপর ২০১৮ সালের ৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন। রায়ে চাঁদপুরের ২১টি মৌজায় অবস্থিত মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়।

রায়ে হাইড্রোগ্রাফি বিভাগের একটি চিঠির উল্লেখ করে বলা হয়, ওই মৌজাগুলোতে পর্যাপ্ত বালু/মাটি রয়েছে এবং তা তুলতে কোনো বাধা নেই। রায় ঘোষণার চার বছর পর রাষ্ট্রপক্ষ চলতি মার্চ মাসে লিভ টু আপিল করল। হাইকোর্টে সেলিম খানের পক্ষে ছিলেন আইনজীবী ইমাম হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, যেহেতু রাষ্ট্রপক্ষ আপিল করেছে, তাই বিষয়টি এখন বিচারাধীন।

উল্লেখ্য, হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে নদীর তলদেশে কোথায় কত দূরত্বে মাটি রয়েছে, তা আধুনিক পদ্ধতিতে চিহ্নিত করা বা এর মানচিত্র তৈরি করা হয়। ডুবোচর কাটতে হলে প্রথমে হাইড্রোগ্রাফিক জরিপ করতে হয়।

মেঘনায় বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙে পড়া ও পরিবেশঝুঁকি নিয়ে ২ মার্চ প্রথম আলোয় ‘পদ্মা–মেঘনার সর্বনাশ: “বালুখেকো” চেয়ারম্যান তিনি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।

পরিবেশ অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারার বলছেন, মেঘনায় নির্বিচার বালু তোলার কারণে চাঁদপুর শহর রক্ষা বাঁধের কয়েকটি স্থান দেবে গেছে। ভেঙে পড়ছে নদীর তীরও। জাতীয় মাছ ইলিশের প্রজননও ঝুঁকির মুখে পড়েছে। অন্যদিকে নদী থেকে তোলা বালু বিক্রি করে ইউপি চেয়ারম্যান সেলিম খানের আয় হচ্ছে মাসে প্রায় ৩০ কোটি টাকা।

সর্বশেষ ১৫ মার্চ হাইকোর্টের দেওয়া ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছে। ১ হাজার ৪৪০ দিন দেরিতে লিভ টু আপিল করায় বিলম্ব মার্জনাও চাওয়া হয়েছে (লিভ টু আপিল আবেদনের সঙ্গে)।

লিভ টু আপিলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের বালুমহাল ঘোষণা ও বিলুপ্তকরণ, বালুমহাল ইজারা প্রদান এবং ইজারা ব্যতীত বালুমহাল থেকে বালু বা মাটি উত্তোলন ও রাজস্ব আদায় নিষিদ্ধসংক্রান্ত কয়েকটি বিধান উল্লেখ করা হয়েছে।

লিভ টু আপিলে বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে কোনো নদী থেকে বালু উত্তোলনের জন্য হাইড্রোগ্রাফিক জরিপ প্রতিবেদনই যে একক ভিত্তি নয়, তা হাইকোর্ট বিভাগ উপলব্ধি করতে পারেননি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে, পরিবেশ, পাহাড়ধস, ভূমিধস অথবা নদী বা খালের পানির স্রোতের গতিপথ পরিবর্তন, সরকারি স্থাপনার (যথা ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, ফেরিঘাট, হাটবাজার, চা-বাগান, নদীর বাঁধ, ইত্যাদি) এবং আবাসিক এলাকার কোনো ক্ষতি হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত গ্রহণ করবেন জেলা প্রশাসক। এ ছাড়া কোনো বালুমহালে উত্তোলনযোগ্য বালু বা মাটি না থাকলে বা বালু বা মাটি উত্তোলন করার ফলে পরিবেশ ও প্রতিবেশ বিনষ্ট বা সরকারি বা বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত বা জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে বিভাগীয় কমিশনারের কাছে ওই বালুমহাল বিলুপ্ত ঘোষণা করার প্রস্তাব পাঠাতে পারবেন জেলা প্রশাসক।

লিভ টু আপিলে বলা হয়, চাঁদপুরের জেলা প্রশাসকের অফিস থেকে ডুবোচরের বালু উত্তোলনের বিষয়ে কোনো ধরনের মূল্যায়ন হয়নি। এমনকি রিটে উল্লিখিত মৌজাগুলো বিভাগীয় কমিশনার বালুমহাল হিসেবেও ঘোষণা করেননি। তাই হাইকোর্ট বিভাগ বিবাদীকে (সেলিম খান) বালু উত্তোলনের অনুমতি দিতে যে নির্দেশ দিয়েছেন, তা বাতিলযেগ্য।

লিভ টু আপিলের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান প্রথম আলোকে বলেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটির (হাইকোর্টের রায় বাতিল চেয়ে করা আবেদনের অনুমতি) ওপর শুনানি হতে পারে।