বালু তোলায় ঝুঁকিতে সেতু
নির্মাণাধীন একটি সেতুকে হুমকিতে ফেলে বরিশালের কীর্তনখোলা নদী থেকে বালু তোলা হচ্ছে। বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়ায় অবস্থিত ওই সেতুর কয়েক গজের মধ্য থেকে ব্যবসায়ীরা ড্রেজারে বালু তুলছেন। নিয়ম অনুযায়ী, সেতু এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ ২০-২৫টি ড্রেজারে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার ঘনফুট বালু তোলা হচ্ছে। এতে উদ্বোধনের আগেই সেতুটি ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।সরেজমিন দেখা গেছে, কীর্তনখোলা নদীর ওপর নির্মীয়মাণ দপদপিয়া সেতুর এক কিলোমিটার এলাকার মধ্যে এমভি রায়হান, আল আমিন ড্রেজার, স্বপন ড্রেজার, তানভির ড্রেজার, ছত্তার ড্রেজার, ভুলু ড্রেজারসহ ৮ থেকে ১২টি প্রতিষ্ঠান নদী থেকে বালু তুলছে। এ ছাড়া কীর্তনখোলার অন্যান্য অঞ্চলেও রয়েছে বালু উত্তোলনকারী কয়েকটি প্রতিষ্ঠান।জেলা প্রশাসন সূত্র জানায়, আল জেরিন নামের একটি প্রতিষ্ঠান বরিশাল জেলা প্রশাসকের দপ্তর থেকে বালুমহালের ইজারা নেয়। গত বছর ওই প্রতিষ্ঠান ভ্যাটসহ ২০ লাখ টাকা জমা দেয় জেলা প্রশাসকের কার্যালয়ে। ইজারার টাকা জমা দেওয়ার পর ওই প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমতি দেয় প্রশাসন। সেই প্রতিষ্ঠানের কাছ থেকে বাকি সব প্রতিষ্ঠান ‘সাব-কন্ট্রাক্টে’ কাজ নিয়ে বালু তুলছে।সেতু এলাকা থেকে বালু তুললে ক্ষতি হয় স্বীকার করে বালু উত্তোলনকারী এক প্রতিষ্ঠানের মালিক আবদুস ছাত্তার বলেন, সেতু কর্তৃপক্ষ বা সরকারি কোনো লোক বালু উত্তোলনের জন্য নিষেধ না করায় ওই অঞ্চল থেকে বালু তোলা হচ্ছে। বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিক মিজান লস্কর, সেলিম ও আলাউদ্দিন জানান, প্রতিদিন গড়ে ৫০-৬০ হাজার ঘনফুট বালু তোলা হচ্ছে। দক্ষিণ চরআইচা এলাকার ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, ‘সরকার বালু কাটায় সহযোগিতা করার কারণে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর পার্শ্ববর্তী এলাকা ভাঙনের কবলে পড়ছে। কয়েক দিন আগে নয়ানি জনতার বাজার ভেঙে গেছে। এ অঞ্চল থেকে বালু উত্তোলন বন্ধ করা উচিত।’দপদপিয়া সেতুর প্রকৌশলী মো. সামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, ‘মাটির লেবেল অনুযায়ী সেতুর নকশা করা হয়েছে। ওই লেবেল থেকে মাটি সরে গেলে সেতুটির জন্য ক্ষতির কারণ হবে। সেতু এলাকার উভয় দিকে ৫০০ মিটারের মধ্যে বালু উত্তোলন নিষেধ থাকলেও ওই ব্যবসায়ীরা শোনেন না।’ বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল হক বলেন, সেতু বা ভূমিধসের কারণ হতে পারে এমন কোনো স্থান থেকে বালু উত্তোলন করা ঠিক নয়।বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, কীর্তনখোলা নদীর দুটি স্থান থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। একটি নির্মীয়মাণ দপদপিয়া সেতুর উত্তর ও দক্ষিণ অংশ এবং অপরটি চরআদবানী এলাকা। এ ব্যাপারে সেতু কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে।