বালু তোলায় বাঁধে ধস জমিতে গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদ এবং তীর থেকে বালু তোলার কারণে ধসে পড়ছে বন্যানিয়ন্ত্রণ বাঁধ। ওই দুটি উপজেলার ছয়টি গ্রামের বাসিন্দাদের দাবি, ইজারাদারেরা অবৈধভাবে বালু তোলায় কয়েক শ বিঘা জমি নদীগর্ভে চলে গেছে এবং বেশ কয়েক শ বিঘায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে তাঁদের দেড় হাজার বিঘা জমি বর্তমানে চাষের অনুপযোগী হয়ে পড়েছে।এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পাউবো কর্তৃপক্ষের বরাবরে আবেদন করেছেন। এলাকাবাসী জানান, বালু উত্তোলনকারীরা দুই বছর ধরে শাহজাদপুর উপজেলার চয়ড়া এবং বেশ কয়েক বছর ধরে বেড়া উপজেলার বৃশালিখা, পায়না, মোহনগঞ্জ, মালদাপাড়া ও চরপেঁচাকোলা গ্রামের পার্শ্ববর্তী নদী থেকে বালু উত্তোলন করে আসছেন। এসব গ্রাম বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশেই অবস্থিত। শুষ্ক মৌসুমে নদী থেকে বালু তোলা হলেও বর্ষা মৌসুমে উত্তোলন করা হয় ওই গ্রামগুলোর ডুবে যাওয়া কৃষিজমি থেকে। সরেজমিনে দেখা গেছে, বালু উত্তোলনের ফলে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন চয়ড়া গ্রামের বাসিন্দারা। এ গ্রামের বাসিন্দাদের প্রায় দুই হাজার বিঘা ফসলি জমি রয়েছে বাঁধের বাইরে বড়াল নদের পাড়ে। বর্ষায় এসব জমি পানিতে ডুবে যায়।চয়ড়া গ্রামের বাসিন্দারা জানান, গত বছর বর্ষা মৌসুমে বাঘাবাড়ী এলাকার কয়েকজন প্রভাবশালী ১৫ থেকে ২০টি ড্রেজার নিয়ে তাঁদের জমিসহ আশপাশের এলাকা থেকে বালু উত্তোলন করতে থাকেন। পানি নেমে যাওয়ার পর গ্রামবাসী দেখতে পান, তাঁদের ৫০০ বিঘা জমি নদীতে চলে গেছে। অবশিষ্ট জমির বেশির ভাগজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এ কারণে সব মিলিয়ে এবার তাঁরা কমপক্ষে এক হাজার বিঘা জমিতে চাষাবাদ করতে পারেননি।এবারের বর্ষাতেও ওই প্রভাবশালীরা গতবারের চেয়ে বেশিসংখ্যক ড্রেজার নিয়ে বালু উত্তোলন শুরু করলে গ্রামবাসী বাধা দেন। কিন্তু তাঁরা জোর করে বালু উত্তোলন অব্যাহত রাখেন। চয়ড়া গ্রামের বাসিন্দা ও রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবাহান বলেন, ‘বালুদস্যুরা নদীর তীরে আমাদের ফসলি জমি থেকে জোর করে বালু তোলায় গ্রামের কমপক্ষে এক হাজার বিঘা জমি অনাবাদি হয়ে গেছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধও ধসে পড়ছে। বালু উত্তোলন বন্ধের জন্য বিভিন্ন কার্যালয়ে ধরনা দিয়েও কোনো সহযোগিতা পাচ্ছি না।’বাঘাবাড়ী একতা সংঘের অন্যতম সদস্য দৌলত শিকদার বলেন, ‘আমরা সরকারকে রাজস্ব দিয়ে নদী থেকে বৈধভাবে বালু তুলছি। এতে কারও ফসলি জমি ও বাঁধের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। কারও ফসলি জমি থেকে বালু তোলার প্রশ্নই ওঠে না।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুন নেছা বলেন, ‘আমি ২০ অক্টোবর গিয়ে বড়াল নদীর কয়েকটি স্থান থেকে বালু তুলতে দেখেছি। কয়েক জায়গায় বাঁধের ব্লক ও মাটি সরে গেছে। আমি মৌখিকভাবে বালু তোলা বন্ধ করতে বলেছি। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আমি ওই দিনই বেড়া ও শাহজাদপুর উপজেলার ইউএনওদের বরাবর চিঠি দিয়েছি।’