বালু তোলায় বিলীন হচ্ছে আশপাশের ফসলি জমি
বালু উত্তোলনকারী ব্যক্তিরা কৌশল হিসেবে প্রথমে একটি ফসলি জমি কিনে নিচ্ছেন। এরপর তাঁরা জমিতে খননযন্ত্র বসিয়ে উত্তোলন করছেন বালু। জমিতে গভীর গর্ত হওয়ায় আশপাশের ফসলি জমি ভেঙে পড়ছে। তখন নিরুপায় হয়ে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা অল্প টাকায় বালু ব্যবসায়ীদের কাছে জমি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।এভাবে নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ও দুলালপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের ফসলি জমি একের পর এক বিলীন হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান চালালেও বালু ব্যবসায়ীদের তৎপরতা থামছে না।গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছিমপুর ও দুলালপুর ইউনিয়নের জমির বালু উন্নত মানের হওয়ায় তা নির্মাণকাজে ব্যবহার করা যায়। এখানকার জমিতে মাত্র তিন ফুট গভীর করলেই বালুর স্তর পাওয়া যায়। এ দুটি ইউনিয়নের পাঁচটি গ্রামে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তাঁরা প্রথমে একটি ফসলি জমি কিনে খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন করেন। এ কারণে জমিতে ৭০ থেকে ৮০ ফুট গর্তের সৃষ্টি হচ্ছে। তাই আশপাশের জমির মাটি ভেঙে পড়ছে। নিরুপায় হয়ে জমির মালিকেরা অল্প টাকায় বালু ব্যবসায়ীদের কাছে জমি বিক্রি করে দিতে বাধ্য হন। এভাবেই একের পর এক ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে মাঝেমধ্যে প্রশাসনের লোকজন অভিযান চালানোর কারণে আগে দিনের বেলায় বালু তোলা হতো। এখন তোলা হচ্ছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। রাতের মধ্যেই ট্রাকে করে এসব বালু ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় সরবরাহ করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, মাছিমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কলিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রমিজ উদ্দিন, মাছিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ মিয়া, দুলালপুর ইউপির সদস্য চাঁন মিয়া, দত্তেরগাঁও এলাকার আওয়ামী লীগের কর্মী আব্বাস আলী, রেনু মিয়া, মির্জাকান্দি এলাকার সুরুজ মিয়া, ফিরোজ মিয়াসহ বেশ কয়েকজন ব্যক্তি এভাবে বালু উত্তোলন করছেন। তাঁদের বিরুদ্ধে এলাকার কেউই মুখ খুলতে পারেন না।অভিযোগের ব্যাপারে রমিজ উদ্দিন বলেন, ‘আমার বালুর ব্যবসা নেই। অনেকেই আমার নাম ব্যবহার করে বালু উত্তোলন করছেন, এতে আমি কী করব?’ বালু তোলার কথা স্বীকার করে কলিম উদ্দিন বলেন, ‘আমরা পুকুর বানাইয়া বালু উঠাই, এতে সমস্যা কী আছে?’মাছিমপুর ইউপির চেয়ারম্যান আবুল হারিছ ও দুলালপুর ইউপির চেয়ারম্যান এ কে এম নাজিম উদ্দিন জানান, কৃষিজমি থেকে বালু তোলার কারণে আশপাশের জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ নিয়ে প্রায়ই তাঁদের দেন-দরবার করতে হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁরা থানা ও উপজেলা প্রশাসনের সহায়তা চেয়েছেন।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আল জালাল জানান, বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহূত যন্ত্রপাতি জব্দ করা হয়। কিন্তু লিখিতভাবে কেউ সুনির্দিষ্ট অভিযোগ না করায় বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা বেগম জানান, তিনি বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছেন। উত্তোলনকারী ব্যক্তিদের সংখ্যা বেশি হওয়ায় সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা বন্ধ করতে হবে। তা না হলে যেকোনো মুহূর্তে ভূমি ধসের আশঙ্কা রয়েছে।