বালু তোলায় ভাঙনের হুমকিতে ১৫ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা ও বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। এতে নদীপারের অন্তত ১৫টি গ্রাম ভাঙনের হুমকিতে পড়েছে।গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধুনটে যমুনার পানি কমে যাওয়ায় নদীর বুকে জেগে উঠেছে বালুচর। ওই চরের কোথাও কোথাও কৃষকেরা মৌসুমি ফসলের চাষ করেছেন। আবার বালু ব্যবসায়ীরা এসব চর থেকে বালু উত্তোলন করে শহড়াবাড়ী ঘাট ও পুকুরিয়া গ্রামের কাছে স্তূপ করে রেখেছেন।বাঙ্গালী নদীর নিমগাছি, ঝাঝর, বিলচাপড়ি, বেড়েরবাড়ী, বরইতলী, রাঙ্গামাটি, বথুয়াবাড়ী, পেচিবাড়ী, কল্যাণি, বেলগাছি গ্রামসহ প্রায় ১৫টি স্থানে শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তাই এসব গ্রাম নদীভাঙনের হুমকির মুখে পড়েছে।এসব স্থানের মধ্যে বথুয়াবাড়ী বালুমহাল সরকারিভাবে সাড়ে ১৩ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। অন্যগুলো থেকে ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছেন।উপজেলার বথুয়াবাড়ী গ্রামবাসী সূত্রে জানা গেছে, সরকার ২০০৯ সালে বথুয়াবাড়ী গ্রামের পাশে বাঙ্গালী নদীতে তিন একর বালুমহাল ইজারাভুক্ত করেছে। ইজারাদার প্রতিবছর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা নিয়ে সেখান থেকে শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করেন। এ অবস্থায় গ্রামবাসী নদীভাঙন থেকে রক্ষা পেতে ইজাদারকে বালু উত্তোলনে বাধা দেয়। কিন্তু ব্যবসায়ীরা জোরপূর্বক বালু উত্তোলন করেই চলছেন। তাই গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বালু উত্তোলন বন্ধ করতে লিখিত অভিযোগ দেন। এরপর দুই বছর সেখানে বালু উত্তোলন বন্ধ ছিল। এ বছর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে বালুমহাল ইজারা নিয়ে নতুন করে ইজারাদার বালু উত্তোলন করছেন। ইজারাদার বালুমহালে তিনটি শ্যালোমেশিন বসিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে নদীর গভীর থেকে বালু উত্তোলন করছেন।বথুয়াবাড়ী গ্রামের গোলজার হোসেন বলেন, ‘সরকারি বালুমহালের নিয়ম হচ্ছে নদীতে জেগে ওঠা চর থেকে বালু উত্তোলন করা। কিন্তু তাঁরা শ্যালোমেশিন দিয়ে নদীর গভীর থেকে বালু উত্তোলন করছেন। এতে বর্ষাকালে নদীভাঙন ব্যাপক বৃদ্ধি পাবে এবং বথুয়াবাড়ী গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে।’স্থানীয় ইউপি সদস্য গ্রামের বেদার আলী বলেন, ‘নদীভাঙন থেকে বথুয়াবাড়ী গ্রাম রক্ষা করতে গ্রামের মানুষ আমার কাছে অভিযোগ করেছে। আমি বালুমহাল থেকে ইজাদারকে বালু উত্তোলন করতে নিষেধ করলেও তাঁরা আমার কথা মানছেন না।’ইজাদার নজরুল ইসলাম বলেন, ‘আমরা প্রায় সাড়ে ১৩ লাখ টাকা দিয়ে বথুয়াবাড়ী বালুমহাল ইজারা নিয়েছি। সেখানে বালুর চর না থাকায় শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করছি। অনেকে ইজারা না নিয়ে বালু উত্তোলন করছে। আমাদের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ থাকলে মেশিন সরিয়ে নেব।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ‘আমার কাছে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। উপজেলা প্রশাসনের সহযোগিতা পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি বলেন, ‘অনেক এলাকার মানুষ বালু উত্তোলনের বিষয়ে আমার কাছে অভিযোগ করেছে। গ্রামবাসীর অভিযোগ তদন্ত করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’