বালু নদে সেতু নির্মাণের দাবিতে গণ-অনশন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদে সেতু নির্মাণের দাবিতে গতকাল শুক্রবার গণ-অনশন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও শতািধক বালুর ট্রলার আটকে রেখে নদীপথ অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শী, এলাকার অনেকে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রায় ৩০টি গ্রামের কয়েক শ নারী-পুরুষ স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে নগরপাড়া এলাকার বালু নদের তীরে অবস্থান নেন। এ সময় তাঁরা ওই নদে সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সেখানে বাউল শিল্পীরা সংগীতও পরিবেশন করেন। এ ছাড়া একই দাবিতে সকাল থেকেই সেখানে চলে গণ-অনশন। এরপর বালু নদ অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তাঁরা প্রায় তিন ঘণ্টা নদীপথ অবরোধ করে রাখেন। এ সময় নদের উভয় পাশে শতািধক বালুবাহী ট্রলার আটকা পড়ে। এতে ভোগান্তির শিকার হন ট্রলার শ্রমিকেরা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার হোসেন আন্দোলনরত এলাকাবাসীকে সান্ত্বনা দিলে তাঁরা অবরোধ তুলে নেন। পরে অনশনকারীদের অনশন ভাঙানো হয়।