বালু-পাথর ব্যবসায়ীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে চাঁদাবাজির প্রতিবাদে গতকাল বুধবার শহরে শ্রমিক ও ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে গত শনিবার থেকে ওই নদীতে বালু-পাথর উত্তোলন বন্ধ রেখেছেন তাঁরা।
সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের সব সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ধোপাজান নদীতে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে শ্রমিক-ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হচ্ছেন। বালু-পাথর পরিবহনকারী কার্গো, বাল্কহেড, নৌকা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে শ্রমিকদের আটকে রেখে নির্যাতন করা হয়। একই সঙ্গে এই নদীতে ইজারাদার অতিরিক্ত টোল আদায় করছেন। ব্যবসায়ী ও শ্রমিকেরা অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশের মদদে ধোপাজান ও সুরমা নদীতে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। প্রশাসন ভাগ পায় বলেই চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।
মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ বালু-পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান প্রমুখ।