বালু ফেলে নদীর মোহনা ভরাট, কৃষকেরভোগান্তি
নৌযান চলাচলের জন্য পদ্মা নদী খনন করতে গিয়ে বালু ফেলে একটি শাখা নদীর মোহনার ৪০০ মিটার এলাকা ভরাট করা হয়েছে। এতে ওই নদী দিয়ে নৌযান চলাচল ও পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে; ফলে দুই তীরের ফসলি জমিতে সেচকাজ ব্যাহত হচ্ছে। এ মোহনার অবস্থান মাদারীপুরের শিবচর উপজেলার নৈমদ্দিন মুন্সিকান্দি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৈমদ্দিন মুন্সিকান্দি গ্রাম এলাকা থেকে পদ্মা নদীর একটি শাখা নদী শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট এলাকায় কীর্তিনাশা নদীতে মিশেছে। এর দৈর্ঘ্য ১৫ কিলোমিটার, প্রস্থ ৫০ মিটার ও গভীরতা পাঁচ-সাত মিটার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পদ্মা নদীর মাওয়া-কাওড়াকান্দি নৌপথের হাজরা ও কবুতরখোলা চ্যানেল গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত খনন করে। খনন করা এ বালু ফেলায় ওই শাখা নদীর মোহনার ৪০০ মিটার এলাকা ভরাট হয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার কাজীরহাট জেলার সবচেয়ে বড় বাজার। এ বাজার থেকে নানা ধরনের কৃষিপণ্য ট্রলার ও নৌকায় ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। ভরাট হওয়ার আগে এসব নৌযান ওই শাখা নদী দিয়ে চলাচল করত। এ ছাড়া এ নদীর পানি দুই তীরের কৃষকেরা তাঁদের জমিতে সেচের জন্য ব্যবহার করতেন। এখন এটি ভরাট হয়ে যাওয়ায় কৃষকেরা ভোগান্তি পোহাচ্ছেন। তাঁদের অতিরিক্ত টাকা খরচ করে জমিতে সেচ দিতে হচ্ছে, পাশাপাশি মোহনা বন্ধ থাকায় এ নদী দিয়ে নৌযান চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে কাজীরহাটের ব্যবসায়ীদের দেশের বিভিন্ন স্থানে পণ্য পাঠাতে সমস্যা হচ্ছে।
জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের কৃষক মোতালেব ঢালী জানান, ছয়-সাত মাস ধরে নদী দিয়ে পানি প্রবাহ বন্ধ। কৃষিকাজে এ সময় নদী থেকে পানি ব্যবহার করা যায়নি। বিকল্প সেচের পানিব্যবস্থা করতে গিয়ে খরচ বেড়ে গেছে।
নদীর তীরের বাসিন্দা বিকেনগর এলাকার কৃষক আবদুস ছালাম বলেন, ‘চরাঞ্চলের মানুষের নৌপথ ছাড়া যাতায়াতের সুযোগ নেই। নদীটি ভরাট হয়ে নৌ-চলাচল বন্ধ থাকায় উৎপাদিত কৃষিপণ্য নিয়ে সহজে হাটে যেতে পারছি না। নদীর মোহনায় ড্রেজিং করা বালু ফেলার সময় বাধা দিয়েছিলাম। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। নদীর মোহনা খনন করা না হলে এ এলাকার হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।’
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিকারুদ্দৌলা চৌধুরী জানান, বিআইডব্লিউটিএ যখন নদী খনন করেছিল, তখন তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়নি। এ কারণে স্থানীয় লোকজনের ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী (খনন) জহিরুল ইসলাম বলেন, ‘মাওয়া-কাওড়াকান্দি নৌপথের হাজরা ও কবুতরখোলা চ্যানেল খনন করার সময় কিছু বালু তীরে ফেলা হয়েছে। এ কারণে ছোট নদী বা খাল ভরাট হতে পারে। ওই নদী খনন করার প্রয়োজনীয়তার বিষয়টি স্থানীয় লোকজন লিখিতভাবে জানালে আমরা উদ্যোগ নেব।’