বালু ব্যবসায়ী রিপন হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বালু ব্যবসায়ী রিপন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মামলার অপর ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ মামলার রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন শহীদ ও রাসেল। একই সঙ্গে আদালত তাঁদের দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
বিচার চলাকালে এক আসামি মারা যাওয়ায় তাঁকে বাদ দেওয়া হয়েছে। ২০১২ সালের ৭ জুন বালু ব্যবসায়ী রিপন নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় বালু ভরাট করার সময় আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁকে হত্যা করে। ওই ঘটনায় পরদিন রিপনের বাবা মোজাফ্ফর আলী সোনারগাঁ থানায় এই হত্যা মামলা করেন।