বালু লুটে নিচ্ছে আ.লীগ কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া সাফর্তা এলাকায় ধলেশ্বরীর শাখানদী ওয়ার্শী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। ২০-২৫ দিন ধরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা এ কাজে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। বালু তোলায় ওই এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। এতে নাগরপাড়া বাজার, কহেলা কলেজসংলগ্ন এলাকা, সাফর্তা ও ওয়ার্শী এলাকা ভাঙনের হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী জানান, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিদিন নদী থেকে গড়ে প্রায় অর্ধশত ট্রলার বালু লুটে নিচ্ছেন। অথচ প্রশাসন নির্বিকার। বালু উত্তোলনে ওয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ মাহমুদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম ফরহাদ ও উপজেলা যুবলীগের সহসভাপতি মুরাদ জড়িত বলে তাঁরা অভিযোগ করেন। সরেজমিনে গত শনিবার গিয়ে দেখা গেছে, নাগরপাড়া বাজারের পুব দিকে নদী থেকে দুটি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। আশপাশে প্রায় ২০টি ট্রলার বালু নেওয়ার অপেক্ষায় আছে। একের পর এক ট্রলারে ড্রেজারের পাইপ লাগিয়ে বালু ভরে দেওয়া হচ্ছে। এখান থেকে বালু নিতে আসা মুন্সিগঞ্জের গজারিয়ার মদিনা পরিবহন নামের ট্রলারের শ্রমিক শফিকুল ইসলাম বলেন, বড় আকারের একটি ট্রলারে প্রায় ছয় হাজার ঘনফুট ও ছোট আকারের ট্রলারে সাড়ে তিন হাজার ঘনফুট বালু ধরে। একেকটি ট্রলারে বালু ভরতে ৩৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগে। তাঁরা প্রতি ঘনফুট বালু দুই টাকায় কিনে নিচ্ছেন বলে জানান।নাগরপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, বালু উত্তোলনকারীরা লাখ লাখ টাকার সম্পদ নিয়ে যাচ্ছেন। এলাকার ক্ষতি হবে ভেবে সবাইকে বালু উত্তোলন বন্ধের অনুরোধ করেছি। এ ব্যাপারে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম ফরহাদ বলেন, ‘বালু উত্তোলনের জন্য দলীয় কর্মীরা আমার কাছে এসেছিলেন। আমি তাঁদের না করিনি।’ তবে কি আপনাদের নেতৃত্বেই বালু উত্তোলন হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকটা সে রকমই। অভিযুক্ত শরিফ মাহমুদ বালু তোলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। জানতে চাইলে উপজেলা যুবলীগের সহসভাপতি মুরাদ বলেন, ‘আমরা বালু উত্তোলনের বিষয়টি তদারক করি মাত্র।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো কানাইলাল চক্রবর্তী বলেন, ওই এলাকায় সরকার এখনো বালুমহাল ঘোষণা করেনি। তা ছাড়া সেখান থেকে বালু তোলার জন্য কাউকে ইজারাও দেওয়া হয়নি। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম বলেন, সেখান থেকে বালু তোলার কোনো সুযোগ নেই। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।