বালু সরানো হয়নি, পাঁচজনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২০০ বছরের পুরোনো সরকারি পুকুর ভরাটে জড়িত পাঁচ ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এদিকে প্রশাসন নির্দেশ দেওয়ার পরও পুকুরের কিছু অংশ থেকে বালু সরানো হয়নি।
নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রূপসদী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন ওরফে বাদল, হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. জহিরুল হক, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজালাল টিপু, হোগলাকান্দি গ্রামের শ্যালো ইঞ্জিনের মালিক জহিরুল হক, নজু মিয়া ও সারওয়ার হোসেন।
পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন বলেন, পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর থেকে বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দি গ্রামের সরকারি পুকুর ভরাট করার বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার হোগলাকান্দি গ্রামের পাঁচজন এবং রূপসদী গ্রামের একজনকে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কারণ দর্শাতে ব্যর্থ অথবা উপস্থিত না হলে তাঁদের বিরুদ্ধে একতরফাভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ৯৬ শতকের একটি খাসপুকুর রয়েছে। ওই পুকুরটি হোগলাকান্দি গ্রামের ২০০ বছরের পুরোনো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত মে মাসে দুটি শ্যালো ইঞ্জিন দিয়ে হোগলাকান্দি গ্রামের সরকারি খাল থেকে বালু তুলে ওই পুকুর ভরাট করেন কয়েকজন। এ নিয়ে গত ১ জুন প্রথম আলোয় ‘২০০ বছরের পুরোনো পুকুর বালু ফেলে ভরাট’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
সরেজমিনে গত বুধবার দেখা গেছে, হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের পুকুরের প্রায় ২০ শতাংশ জায়গায় বালুর স্তূপ রয়েছে। ওই স্তূপ থেকে বালু সরানো হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল হক বলেন, ‘আমরা গ্রামের স্বার্থে সরকারি পুকুরটি ভরাট করেছিলাম। পরে প্রশাসনের চাপে বিদ্যালয়ের সামনের কিছু জায়গা ছাড়া বাকি জায়গা থেকে বালু সরানো হয়েছে। পুকুর ভরাট করার বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছে, এমনটি আমার জানা নাই।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন বলেন, ‘আমরা যথেষ্ট চেষ্টা করেছি সরকারি পুকুর থেকে বালু সরাতে। কিছু বালু এখনো রয়েছে বলে শুনেছি।’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল টিপু বলেন, ‘পুকুর ভরাট করার বিষয়ে কোনো নোটিশ আমি পাইনি।’
ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন, ‘গ্রামের লোকজনের সিদ্ধান্তে বিদ্যালয়ের সামনের পুকুর ভরাট করা হয়েছিল। এতে আমার নাম সবাই বললেও সবাই মিলে পুকুর ভরাট করা হয়েছিল।’