মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও-দেওভোগ খাল ও কালভার্টের মুখ থেকে ভরাট করা বালু সরিয়ে নিতে গতকাল বুধবার নোটিশ দিয়ে সাত দিন সময় বেঁধে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই সময়ের মধ্যে বালু না সরালে ভরাটকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।
এদিকে খাল ভরাট নিয়ে গতকাল বুধবার জেলার উন্নয়ন সমন্বয় সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক মো. সাইফুল হাসান খাল ভরাটকারী যে-ই হোক, তাঁর বিরুদ্ধে প্রয়োজনে মামলা করার সিদ্ধান্তের কথা জানান। তিনি সভায় উপস্থিত মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারাবান তাহুরাকে খালটি সরেজমিনে পরিদর্শন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া খাল ভরাটকারীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সভায় ঘোষণা দেন।
গত সোমবার প্রথম আলোর পৃষ্ঠা: ৪-এ ‘খাল ও কালভার্টের মুখ ভরাট’ শিরোনামে কোটগাঁও-দেওভোগ খালের প্রায় আধা কিলোমিটার খাল ভরাটের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।