বালুখালী-ঘুমধুম সীমান্ত সড়ক চার লেনের হবে
এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হতে বাংলাদেশের বালুখালী-ঘুমধুম সীমান্তে চার লেনের সড়ক তৈরি করা হবে। সড়ক বিভাগের তত্ত্বাবধানে প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ। গত শনিবার সকাল সাড়ে ১০টায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী কাস্টমঘাট থেকে মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ ‘বালুখালী-ঘুমধুম সীমান্ত সড়ক’-এর কাজ আগামী নভেম্বর মাসে শুরু হতে পারে।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে এই সড়ক প্রকল্পের কাজ এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন। এই সড়কটি নির্মাণ হলে এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত হবে বাংলাদেশ। তখন এই সড়ক দিয়ে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত যাওয়া যাবে। এর ফলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনশিল্পের প্রসার ঘটবে।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল ওহাব, বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম, কক্সবাজার ১৬ ইসিবি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মাহবুব, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রমুখ।