বালুঘাটে অভিযান দণ্ড প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে গতকাল মঙ্গলবার দুটি ঘাটে পবা উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এ সময় পাঁচটি ট্রাক ও বালু তোলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বালুঘাটের দুই ব্যবস্থাপক ও পাঁচ ট্রাকচালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা পরিশোধ না করায় ওই সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাটও বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদের জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নগরের চারটি মোড়ে সড়ক অবরোধ করে। পবার ইউএনও রাজ্জাকুল ইসলামের নেতৃত্বে অভিযানে নির্বাহী হাকিম আশরাফ আহাম্মেদ ও রায়হান কবির, আনসার বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মচারীরা অংশ নেন। বেলা ১১টার দিকে প্রথমে তাঁরা সার্কিট হাউসের বিপরীতে শিমলা পার্ক ঘাটে অভিযান চালান। এ সময় ঘাটের ব্যবস্থাপক সোহাগ হোসেন ও কাজীম উদ্দিনকে ৭৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া মোহাম্মদ সেলিম (৫০) নামের একজন ট্রাকচালককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এরপর পবার সোনাইকান্দি ঘাটে অভিযান চালানো হয়। সেখানে নদীতে নৌকার ওপর ভাসমান দুটি ড্রেজার ও বালু পরিবহনের কাজে ব্যবহূত শ্যালো ইঞ্জিনসহ দুটি জোড়া দেওয়া নৌকা আগুনে ধ্বংস করা হয়। এ সময় চার ট্রাকচালক—মতিউর রহমান (৪২), তৌহিদুল ইসলাম (৪৫), বেলাল উদ্দিন (৫০) ও আবদুল বারিককে (৪৫) ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুই ঘাটের পাঁচটি ট্রাক জব্দ করা হয়।
কিন্তু ওই সময়ের মধ্যে কেউই জরিমানার টাকা পরিশোধ করেননি। এ ছাড়া মোটর শ্রমিক ইউনিয়ন ট্রাকশ্রমিকদের দণ্ড দেওয়ার প্রতিবাদে বিকেল পাঁচটা থেকে রাজশাহী-নাটোর সড়কের কাশিয়াডাঙ্গা মোড়, আমচত্বর, শিরোইল বাস টার্মিনাল ও তালাইমারী এলাকায় ট্রাক দিয়ে অবরোধ করে। ৭ মার্চ প্রথম আলোতে ‘ঝুঁকিতে রাজশাহী শহর রক্ষা বাঁধ, বালু তোলা থামছেই না’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।