
চৈত্রের ভরদুপুরেও কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ভিড়। সৈকতের লাবণী পয়েন্টে উত্তপ্ত বালুচরে তৈরি করা হয়েছে মিনি স্টেডিয়াম। চলছে ক্রিকেট খেলা। মাঠের এক পাশে রাখা হয়েছে সাকিব, তাসকিন, মাহমুদুল্লাহ, মুশফিকসহ জাতীয় দলের খেলোয়াড়দের বিশাল সব ছবি। ‘সপ্তম ক্লেমন মেগা বিচ কার্নিভ্যাল’কে ঘিরে পর্যটকদের জন্য এই আয়োজন করা হয়। ছিল ক্রিকেট খেলে পুরস্কার জেতার সুযোগ।
গত বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী এই কার্নিভ্যালের উদ্বোধন করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক শেখ শামীম উদ্দিন। প্রতিষ্ঠানটি এই আয়োজনে পৃষ্ঠপোষক।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায় ক্রিকেট খেলার জন্য কিশোর-তরুণদের দীর্ঘ সারি। আয়োজকেরা এর নাম দিয়েছেন ‘হিট অ্যান্ড উইন’ (খেলো এবং জেতো)। একটি ক্লেমন পানীয় কিনে যে কারও মাঠে নেমে পড়ার সুযোগ ছিল। তবে ব্যাট হাতে একজন কেবল দুটি বল খেলতে পেরেছেন। মাঠের চারপাশে সাজিয়ে রাখা বিভিন্ন ছবিতে বল লাগাতে পারলেই ছিল ক্রিকেট ব্যাট, টুপি, বল, টিশার্টসহ বিভিন্ন পুরস্কার।
ঢাকার মালিবাগ থেকে আসা স্কুলছাত্র ফাহিম জানায়, পুরস্কার হিসেবে সে ক্রিকেট ব্যাট পেয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আসা স্কুলছাত্র মনজুর ক্রিকেট ব্যাট না পাওয়া পর্যন্ত খেলে যাওয়ার কথা জানাল।
শুধু ক্রিকেট নয়, পর্যটকদের জন্য ফান অ্যান্ড গেমসে ছিল ফায়ার ওয়ার্কস, কালার কমবেট, বাস্কেট বল খেলার সুযোগ।
আয়োজকেরা জানান, আজ বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে পর্যটকদের জন্য থাকছে কনসার্ট। মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ, অর্থহীন, শিরোনামহীন, ইনসাইড ইউসহ দেশসেরা শিল্পীরা।