বালুবাহী ট্রলি বেপরোয়া পথচারীদের দুর্ভোগ
রংপুরের তারাগঞ্জ উপজেলার মানুষ বালুবাহী ট্রলির জন্য ভোগান্তির শিকার হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু উড়িয়ে ট্রলিগুলো উপজেলা শহরের সড়ক দিয়ে বেপরোয়াভাবে চলাচল করছে। এতে পথচারীরা যেমন দুর্ভোগে পড়ছেন, তেমনি শহরের সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে।
তারাগঞ্জ ওএ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন অভিযোগ করেন, ‘এসব যানবাহন উপজেলা সদরের সড়কগুলোর ওপর দিয়ে চলাচল বন্ধ করার জন্য দুই মাস আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ করেছি। কিন্তু তিনি এখন পর্যন্ত ব্যবস্থা না নেওয়ায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে।’
অনুসন্ধানে জানা গেছে, একশ্রেণির বালু ব্যবসায়ী দুই বছর ধরে যমুনেশ্বরী নদীতে জেগে ওঠা চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন। তারাগঞ্জ উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি গ্রামের কাছ থেকে ওই বালু তোলা হচ্ছে৷ প্রতিদিন ৪০-৫০টি ট্রলি ওই স্থান থেকে বালু নিয়ে তারাগঞ্জ শহরের সড়কগুলো দিয়ে বিভিন্ন স্থানে যায়৷ এ সময় ধুলা উড়িয়ে যাওয়ায় সড়ক দিয়ে চলাচলকারী মানুষের দুর্ভোগ পোহাতে হয়৷
তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গফুর হোসেন বলেন, ট্রলিগুলো একের পর এক শহরের বিভিন্ন সড়কে ঢুকে পড়ায় পথচারীদের রাস্তা ছেড়ে পাশের িনচু জায়গা দিয়ে যেতে হয়৷ এ অবস্থায় সবচেয়ে অসুবিধার মধ্যে পড়ে স্কুলগামী ছোট ছোট ছেলে-মেয়েরা। কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তুহিনুর রহমান বলেন, ট্রলিগুলোর বালু খোলা রাখা হয়। উপজেলা সদরে এলে চালকেরা ট্রলির গতি বাড়িয়ে দেন। এতে ট্রলির বালু বাতাসে উড়ে রাস্তায় পড়ে৷ পথচারীরা তখন চোখ-মুখ ঢেকে রক্ষা পান।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘বিষয়টি আগে ওভাবে দেখা হয়নি, কেউ অভিযোগও করেনি। খুব শিগগিরই এগুলো চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’