বালুবাহী ট্রলির চাপায় সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বালুবাহী ট্রলির ধাক্কায় আল-আমিন হাওলাদার (৩০) নামের স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার ফতেহপুর ইউনিয়নের কালিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ট্রলির চালক শেখ ফরিদকে (২৮) আটক করে ট্রলিটি জব্দ করেছে। আল-আমিন দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা তিনটার দিকে আল-আমিন আড়াইহাজার থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে কালিরহাট এলাকায় একটি বালুবাহী ট্রলি চাপা দিলে তাঁর মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে ট্রলির চাকার নিচে চলে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।আল-আমিন পিরোজপুরের নাজিরপুর এলাকার আইয়ুব আলী হাওলাদারের ছেলে। রিমা আক্তার (১২), সামিরা (২) ও নাদিরা (২) নামে আল-আমিনের তিনটি কন্যাসন্তান রয়েছে। তাঁর মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী শিল্পী আক্তার। তিনি জানান, আল-আমিন তাঁকে বাবার বাড়ি থেকে আনতে যাচ্ছিলেন।আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ জানান, চালক শেখ ফরিদকে আটক করা হয়েছে।