বালুবাহী নৌকার ধাক্কায় ধসে পড়ছে বোল্ডার ও জিও ব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বালু ব্যবসায়ীদের নৌকার ধাক্কায় যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ফেলা বোল্ডার ও জিও ব্যাগ ধসে যাচ্ছে। ফলে এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে।বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ী থেকে পুকুরিয়া গ্রাম পর্যন্ত যমুনা নদীর প্রায় সাত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রতিবছর নদীভাঙনের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে পড়ে। এ কারণে নদীভাঙন ঠেকাতে তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেওয়া হয়। ২০০৯ সালে এ প্রকল্পের আওতায় উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের তালুকদার বাড়ির সামনে প্রায় এক হাজার মিটার এলাকায় নদী তীরের মাটি কেটে স্লপ করে তার ওপর জিও টেক্স বিছানো হয়। এরপর ওই জিও টেক্সের ওপর বালিভর্তি জিও ব্যাগ বোল্ডার ফেলা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় পাঁচ কোটি ৫৫ লাখ টাকা। এরপর গত তিন বছরে ভান্ডারবাড়ি গ্রামে নদীভাঙন দেখা যায়নি। কিন্তু স্থানীয় বালু ব্যবাসায়ীদের নৌকায় ধাক্কায় তীর সংরক্ষণ প্রকল্পের বোল্ডার ও জিও ব্যাগ ধসে যাওয়ায় বর্তমানে শুষ্ক মৌসুমে পানি কমার সঙ্গে নদীভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে প্রকল্পের বোল্ডার ও জিও ব্যাগ ধসে চারটি স্থানের প্রায় ২০০ মিটার অংশ নদীগর্ভে চলে গেছে।সরেজমিনে দেখা গেছে, তীর সংরক্ষণ প্রকল্পের ধসে যাওয়া স্থানগুলোতে বালুভর্তি নৌকা রাখা হয়েছে। ওই নৌকা থেকে বালু বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। নদী থেকে বালু বহনের কাজ করছেন মিজানুর রহমান নামের এক শ্রমিক। তিনি বলেন, ‘যমুনা নদী থেকে বালু উত্তোলন করে নৌকায় করে তীরে নিয়ে আসি। এরপর নদীর তীরে নৌকা রেখে বালু নামনো হয়।’জানা গেছে, ভান্ডারবাড়ি গ্রামের কয়েকজন ব্যবসায়ী যমুনা নদীর বিভিন্ন চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এ ব্যাপারে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, কয়েক দিন ধরে অতিরিক্ত স্রোতের কারণে নদীভাঙন শুরু হয়েছে। তবে বালু ব্যবসায়ীদের তীর সংরক্ষণ প্রকল্পের কাছে নৌকা রেখে বালু নামাতে নিষেধ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।বগুড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক বলেন, ‘তীর সংরক্ষণ প্রকল্পের ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় তীর সংরক্ষণ প্রকল্প রক্ষায় আপাতত কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। তবে সেখানে বালু ব্যবসায়ীরা নৌকা দিয়ে প্রকল্পের ক্ষতি করছে কি না, তা আমার জানা নেই।’