বালুবাহী নৌযানের ধাক্কায় কর্ণফুলীতে নৌকাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে গতকাল বুধবার সন্ধ্যায় বালুবাহী নৌযানের (বাল্কহেড) ধাক্কায় একটি নৌকা (লাল বোট নামে পরিচিত) ডুবে গেছে। দুর্ঘটনার পর রাত নয়টার দিকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় নগরের পতেঙ্গা এলাকার ১১ নম্বর ঘাট থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে নৌকাটি আনোয়ারার জুলধা ইউনিয়নের মাতব্বরঘাটে যাচ্ছিল। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকার মাঝিসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে নৌবাহিনী জানিয়েছে। তখনো নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার এক ঘণ্টা পর রিনা দাশ (৪৫) নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনদের খোঁজে মাতব্বর ঘাট এলাকায় রাতে শত শত মানুষ ভিড় করে।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের প্রধান ক্যাপ্টেন শহীদুল ইসলাম গতকাল রাত ১০টায় প্রথম আলোকে বলেন, ১১ নম্বর ঘাট থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরই বোট ক্লাবের কাছে বালুবাহী নৌযান ‘সম্রাট-৩’-এর সঙ্গে ধাক্কা লাগে নৌকাটির। এর পরপরই নৌকাটি ডুবে যায়। ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথমেই নৌকার মাঝি মো. আলীকে উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘নৌকাটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন।
বন্দরের সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই বন্দরের সাহায্যকারী জলযান কান্ডারি-৮ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে যোগ দেয়।
নৌবাহিনী থেকে জানানো হয়, কর্ণফুলীর মেরিন একাডেমি জেটি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নৌবাহিনীর তিনটি শক্তিশালী বোট উদ্ধার অভিযান চালাচ্ছে। এতে দুটি ডুবুরি দলও রয়েছে।
কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীরের কাছাকাছি দুর্ঘটনা ঘটনায় অনেক যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি নৌবাহিনী ও কোস্টগার্ডের জেটি থাকায় দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।