বালুবোঝাই ট্রলারের ধাক্কায় সেতুর ক্ষতি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় নবনির্মিত মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন সেতুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রলারের ধাক্কায় সেতুর একটি খুঁটি ও সিমেন্টের প্রলেপ ভেঙে গেছে।
চলতি বছরের ২৮ এপ্রিল প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০০ মিটার দীর্ঘ ওই সেতুটির উদ্বোধন করা হয়। এলাকাবাসী বলেন, বর্ষা শুরুর পরই উজান থেকে বালুবোঝাই ট্রলার ওই সেতুর নিচ দিয়ে অবাধে ভাটির দিকে যাতায়াত করছে। ১৩ আগস্ট সকালে বালুবোঝাই একটি বাল্কহেড সেতুর মাঝামাঝি একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন গ্রামের বাসিন্দা ওমর মিয়া জানান, সকালে ট্রলারের ধাক্কায় সেতুটি কেঁপে ওঠে। এ সময় খুব জোরে শব্দ হয়।
একই গ্রামের বাসিন্দা লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সেতুর খুঁটিতে ট্রলারের ধাক্কা লাগার খবর শুনে গ্রামবাসী ছুটে এসে ট্রলারের চালক ও শ্রমিকদের দিকে ঢিল ছোড়ে। এতে তারা দ্রুত ওই স্থান ছেড়ে চলে যায়।
মানিকগঞ্জের বাসিন্দা বাংলাদেশ নৌযান-জাহাজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের গাবতলী শাখার সভাপতি আবদুল আলীম বলেন, তিনি দুটি ট্রলার নিয়ে কয়েক দিন ধরে উজান থেকে বালু আনা-নেওয়া করছেন। গতকাল শনিবার সকালে ভাই ভাই নামের একটি ট্রলার সেতুর খুঁটিতে ধাক্কা দেয়। প্রায় এক সপ্তাহ আগেও আরেকটি ট্রলার একই খুঁটিতে ধাক্কা দিয়েছিল।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলেন, ট্রলারের ধাক্কায় সেতুটির একটি খুঁটির কিছু অংশ গর্ত হয়ে গেছে। তা ছাড়া সেতুর ওপর দুই স্লাবের মাঝামাঝি অংশে দেওয়া সিমেন্টের প্রলেপ খুলে গেছে। খুঁটির ক্ষতিগ্রস্ত অংশটুকু দ্রুত মেরামত করা হবে। এ ছাড়া বর্তমানে সেতু ঝুঁকিমুক্ত থাকলেও বারবার খুঁটিতে ট্রলারের ধাক্কা লাগলে সেতুটি ক্ষতির সম্মুখীন হতে পারে বলে তিনি আশঙ্কা করেন।