বালুবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেটের জৈন্তাপুরের সারী নদী থেকে বালু উত্তোলন চলছে। গতকাল সোমবার বালুবোঝাই একটি নৌকা ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের নাম ফয়েজ উদ্দিন (২৫)।
জৈন্তাপুর থানার এসআই মোতালেব হোসেন জানান, ফয়েজের বাড়ি জৈন্তাপুরের বাউরভাগ দক্ষিণ গ্রামে। সকাল আটটার দিকে নৌকাডুবির পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালিয়ে বেলা একটার দিকে ফয়েজের লাশ উদ্ধার করে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশনায় সারীর সব বালুমহালের ইজারা কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি আদালতের আদেশ অনুযায়ী, সারী নদীর বাগছড়া এলাকা থেকে পুটিখাল পর্যন্ত এলাকায় বালু, কয়লা, পাথরসহ যাবতীয় খনিজ পদার্থ উত্তোলন নিষিদ্ধ।
ইউএনও রাশেদুল ইসলাম বলেন, আগামী বৃহস্পতিবার থেকে সারী নদীতে অভিযান পরিচালনা করা হবে।