বালুমহাল ইজারা, জমির মাটি কাটছেন নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীর বালুমহালগুলো ইজারা নিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অবৈধভাবে নদীর তীরবর্তী গ্রামবাসীর ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত মাঝেমধ্যে দায়ী ব্যক্তিদের জেল-জরিমানা করলেও অবৈধভাবে মাটি কাটা বন্ধ করা যাচ্ছে না।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোনারগাঁর মেঘনা নদীর চারটি বালুমহাল এ বছর ইজারা পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর মধ্যে ছোট দেওভোগ বালুমহালের ইজারা পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমানের ছোট ভাই যুবলীগের নেতা গাজী আতাউর রহমান। চর রমজান সোনাউল্লাহ-৬ বালুমহালের ইজারা পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাঈম। চর রমজান সোনাউল্লাহ-১ বালুমহালের ইজারা পেয়েছেন আওয়ামী লীগের সমর্থক ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান পেয়েছেন চর রমজান সোনাউল্লাহ-৫ বালুমহালের ইজারা।সূত্র জানায়, বালুমহাল ইজারার নিয়ম অনুযায়ী মাঝ নদী থেকে বালু তুলতে হবে। এ জন্য সরকারিভাবে সীমানা চিহ্নিত আছে। তা ছাড়া রাতের বেলা বালু তোলা যাবে না।এলাকাবাসী জানান, মাঝ নদীতে বালুর পরিমাণ কম থাকায় ইজারাদারেরা রাতে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে নদীর তীর থেকে বালু তুলছেন। এ কারণে নদীতীরের গ্রামগুলোতে ইতিমধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে।সোনারগাঁয়ে মেঘনা নদীতীরবর্তী নুনেরটেক, হারিয়া, ভাটিবন্দর ও ভুরভুরিয়া গ্রামের লোকজনের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বালুমহালের ইজারা পাওয়ায় তাঁরা জোর খাটিয়ে অবৈধভাবে এলাকাবাসীর ফসলি জমির মাটিও কেটে নিয়ে যাচ্ছেন।হারিয়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও আরমান মিয়া বলেন, ‘নদীতীরের অনেক ফসলি জমি চলতি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে গেছে। ইজারাদারেরা ড্রেজার দিয়ে সেসব জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। জমি ও বাড়িঘর রক্ষার জন্য আমরা আন্দোলন করছি।’ নুনেরটেক গ্রামের বাসিন্দা আমজাদ আলী বলেন, ‘ইজারাদারেরা অবৈধভাবে বালু তোলায় আমাদের গ্রামে ভাঙনের সৃষ্টি হয়েছে। আন্দোলন করেও বালু তোলা বন্ধ করা যাচ্ছে না।’বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার বলেন, ‘বালুমহালের ইজারাদারেরা নির্ধারিত সীমানার বাইরে নদীতীরে ড্রেজার বসিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে এলাকাবাসী সভা-সমাবেশ, মিছিল এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দিলেও তীর থেকে মাটি কাটা বন্ধ করা যাচ্ছে না। বিষয়টি আমি উপজেলা আইনশৃঙ্খলা সভায় বলেছি।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এস আল আমিন জানান, সোনারগাঁয়ে মেঘনা নদীর চারটি বালুমহালেই ইজারাদারেরা অবৈধভাবে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১১ জুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ছোট দেওভোগ বালুমহালে থাকা তিনটি ড্রেজারের মালিককে চার লাখ টাকা জরিমানা এবং একজনকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এর আগের মাসে নুনেরটেক এলাকা থেকে অবৈধভাবে বালু তোলায় পার্শ্ববর্তী মেঘনা উপজেলার নলটর বালুমহালের ইজারাদারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে চর রমজান সোনাউল্লাহ-৬ বালুমহালের ইজারাদার আবু নাঈম পাল্টা অভিযোগ করে বলেন, ‘ছোট দেওভোগ বালুমহালের ইজারাদার জোট করে অবৈধভাবে বালু তুলে মানুষের ক্ষতি করছেন। আমরা বৈধভাবেই বালু তুলি।’অন্যদিকে, ছোট দেওভোগ বালুমহালের ইজারাদার গাজী আতাউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে নদীতীরের মাটি কাটার সঙ্গে চর রমজান সোনাউল্লাহ-৬ বালুমহালের ইজারাদার জড়িত।