বালুমহাল ইজারা না দিতে এলাকাবাসীর আবেদন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি বালুমহাল ইজারা না দিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। বালু উত্তোলনের কারণে মেঘনার ভাঙনরক্ষা বাঁধ, ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়ায় তাঁরা এ আবেদন জানান।
এদিকে বিষয়টি তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) বালুমহালটি ইজারা না দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিয়েছেন। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সোনারামপুর ইউনিয়নের কানাইনগর এলাকায় মেঘনা নদীতে মরিচাকান্দি ও চর মরিচাকান্দি নামে ৫০ একরের একটি বালুমহাল রয়েছে। উপজেলায় ভূমি মন্ত্রণালয়ের এটিসহ চারটি বালুমহাল ছিল। ২০১৫ সালে এলাকাবাসীর আবেদনে আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর ও মানিকপুর ইউনিয়নের বাহেরচর এলাকার দুটি বালুমহাল ইজারার তালিকা থেকে বাদ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
কিন্তু সোনারামপুর ইউনিয়নের মরিচাকান্দি ও দরিয়াদৌলত ইউনিয়নের জয়কালীপুর বালুমহাল দুটি এখনো ইজারা দেওয়া হচ্ছে। গত ১৫ অক্টোবর মরিচাকান্দি বালুমহালটির ইজারা দেওয়া বন্ধ করতে স্থানীয় শান্তিপুর ও কানাইনগর গ্রামের আড়াই শতাধিক মানুষ ইউএনওর কাছে লিখিত আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা কানুনগো বসন্ত চাকমা ও সোনারামপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান বিষয়টি তদন্ত করেন।
তদন্ত অনুযায়ী গত ৩১ ডিসেম্বর বালুমহালটি ইজারা না দিতে ইউএনও মোহাম্মদ শওকত ওসমান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে একটি প্রতিবেদন দেন।
ওই প্রতিবেদনে বলা হয়, বালুমহালটি ইজারা নিয়ে ঠিকাদার শক্তিশালী ড্রেজার ব্যবহার করে মেঘনা নদীর ভাঙনরক্ষা বাঁধের কয়েক শ মিটার দূর থেকে বালু তুলছেন। আর এতে কানাইনগর ও শান্তিপুর গ্রামের কৃষিজমি বিলীন হচ্ছে, হুমকির মুখে পড়ছে বাঁধ ও বাড়িঘর। বালুমহালটি আবার ইজারা দেওয়া হলে এলাকায় মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায়ও এ বালুমহাল ইজারা না দেওয়ার বিষয়ে আলোচনা হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও বালুমহাল ইজারা প্রদান কমিটির সভাপতি মো. রেজওয়ানুর রহমান মুঠোফোনে বলেন, বাঞ্ছারামপুর উপজেলার কোনো বালুমহাল ইজারার তালিকা (ক্যালেন্ডার) থেকে বাদ দেওয়ার বিষয়ে কোনো চিঠি এসেছে কি না, তা তাঁর জানা নেই। নথিপত্র দেখে তা বলা যাবে।
শান্তিপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, ‘কানাইনগর গ্রামের পাশে মোটা বালু পাইয়া বালুমহালের লোকজন ২৪ ঘণ্টাই বাঁধের কাছ থেইকে বালু তুলছে। জমিতে ভাঙন হচ্ছে। বাঁধ না থাকলে বাড়িঘর কিছুই থাকবে না। আমগোর এলাকার মানুষ এই বালুমহাল চায় না।’
মোহাম্মদ শওকত ওসমান বলেন, সোনারামপুর ইউনিয়নের মরিচাকান্দি মৌজার বালুমহাল ইজারার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য উপজেলায় সিদ্ধান্ত নিয়ে জেলায় পাঠানো হয়েছে। জেলা কমিটি এই প্রস্তাব অনুমোদন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠালে ইজারার তালিকা থেকে তা বাতিল হয়ে যাবে।