বালুমহালের ইজারা বন্ধে বেলার নোটিশ
চট্টগ্রামের লোহাগাড়া পাঁচটি বালুমহালের ইজারা বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নোটিশ পাঠিয়েছে। গত ২৪ মার্চ ভূমি, কৃষি ও স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দায়িত্বশীল ২০ জনকে আইনগত নোটিশটি পাঠানো হয়েছে।
বালুমহালগুলো হলো পুটিবিলা-২, পুটিবিলা-৩, পুটিবিলা-৪, পানত্রিশা-১, চুনতি বালুমহাল-১। নোটিশটি পাওয়ার তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘লোহাগাড়ার ওই বালুমহালগুলোর ইজারা বন্ধে একটি মামলা হাইকোর্টে আছে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন পুনরায় বালুমহাল ইজারা দিয়েছে। এতে বোঝা যায় প্রশাসন জনস্বার্থের বিষয়গুলোর ওপর দৃষ্টি রাখছে না।’
পুটিবিলা ও চুনতি এলাকার বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ফসলি জমি বিলীন হচ্ছে। ভেঙে গেছে কয়েকটি সেতু, ভাঙনের মুখে রয়েছে আরও আট-দশটি সেতু। এর পরও গত ২২ ফেব্রুয়ারি পাঁচটি বালুমহাল নতুন করে ইজারা দেওয়া হয়।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম জানান, তিনি কোনো আইনগত নোটিশ পাননি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান জানান, তিনি নোটিশ পেয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।